Sylhet Today 24 PRINT

যে কারণে কুমিল্লা-৪ আসনে নির্বাচন করতে পারবেন না বিএনপির প্রার্থী!

সিলেটটুডে ডেস্ক |  ০৯ জানুয়ারী, ২০২৬

ছবি: সংগৃহীত

ঋণখেলাপির তালিকা থেকে কুমিল্লা-৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম বাদ দিয়ে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন তা স্থগিত করেছেন চেম্বার আদালত।

আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার।

আদালতের আদেশের পর ব্যারিস্টার বিভূতি তরফদার বলেন, এই আদেশের ফলে মঞ্জুরুল আহসান মুন্সী ঋণখেলাপি হিসেবে চিহ্নিত হবেন এবং জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না।

এর আগে ঋণখেলাপির তালিকায় থাকা কুমিল্লা-৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম বাদ দেওয়ার আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পরে এই আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ।

তবে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী দাবি করেছেন, তার মনোনয়নপত্র বাতিল হয়নি। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ৮টার দিকে এক ভিডিও বার্তায় তিনি এ দাবি করেন।

এক ভিডিও বার্তায় তিনি বলেন, গণমাধ্যমে যেভাবে বিষয়টি প্রচার করা হচ্ছে, সেটি সত্য নয়। তার মনোনয়নপত্র নিয়ে কোনো ধরনের সমস্যা হয়নি। এ বিষয়ে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। ভিডিও চলাকালে তিনি তার আইনজীবীকে ফোনে যুক্ত করেন।

বিষয়টির ব্যাখ্যা দিয়ে আইনজীবী বলেন, ব্যক্তি হিসেবে মুন্সীর কোনো ঋণখেলাপি নেই। তার কোম্পানির বিষয় নিয়ে সমস্যা হয়েছিল। এ কারণে চেম্বার আদালত আগের স্টে অর্ডারটি স্থগিত করেছেন। এ বিষয়ে রোববার (১১ জানুয়ারি) আপিল করা হবে।

তিনি আরও দাবি করেন, স্টে অর্ডার স্থগিত হওয়া মানে মুন্সীর প্রার্থিতা বাতিল হয়ে যাওয়া নয়।

এ বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান বলেন, বিষয়টি আপিলে নিষ্পত্তি হবে। তবে এ নিয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি নন।

প্রসঙ্গত, কুমিল্লা-৪ আসনে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.