Sylhet Today 24 PRINT

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা ও জামায়াতের হামিদুর

সিলেটটুডে ডেস্ক |  ১০ জানুয়ারী, ২০২৬

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

এ ছাড়া কক্সবাজার-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এবং দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ প্রার্থিতা ফিরে পেয়েছেন।

আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন (ইসি) তাঁদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।

নির্বাচন কমিশনে আজ থেকে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদনের শুনানি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটরিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই শুনানি চলবে। প্রধান নির্বাচন কমিশনারসহ পূর্ণাঙ্গ কমিশন এই শুনানি গ্রহণ করবেন।

শুনানির প্রথম দিনেই ১ থেকে ৭০ নম্বর আপিল আবেদনের ওপর সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে। এর মধ্যেই তাসনিম জারা ও হামিদুর রহমান আযাদ তাঁর প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল করে জয়ী হন। ফলে তাঁদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পথে আর কোনো বাধা রইল না।

ইসির পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক জানান, ১৮ জানুয়ারি পর্যন্ত ধারাবাহিকভাবে এই আপিল শুনানি চলবে।

উল্লেখ্য, ৪ জানুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে ৩০০টি সংসদীয় আসনে দাখিল করা ২ হাজার ৫৬৮ মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২টি বৈধ এবং ৭২৬টি বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা। রিটার্নিং কর্মকর্তাদের সেই আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। আগামী কয়েক দিনের শুনানিতে আরও অনেক প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.