সিলেটটুডে ডেস্ক | ১১ জানুয়ারী, ২০২৬
কক্সবাজারে টেকনাফের হোয়াইক্যং সীমান্তের ওপারে মিয়ানমারের বিদ্রোহী গোষ্টি আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্টির মধ্যে সংঘাতের জেরে ছোঁড়া গুলিতে বাংলাদেশি এক শিশু নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন।
টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকায় রোববার সকাল ৯টায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু আফনান (৭) একই এলাকার জসিম উদ্দিনের মেয়ে। আহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
স্থানীয়দের বরাতে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক খোকন চন্দ্র রুদ্র বলেন, রোববার সকালে টেকনাফে হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ এলাকা সীমান্তের ওপারে মিয়ানমার অভ্যন্তরে বিদ্রোহী গোষ্টি আরাকান আর্মি এবং রোহিঙ্গা সশস্ত্র গোষ্টির মধ্যে তীব্র সংঘাতের ঘটনা ঘটে। এতে দুইপক্ষের মধ্যে অন্তত ঘন্টাব্যাপী গোলাগুলি হয়।
তিনি বলেন, এক পর্যায়ে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা সীমান্তের শূণ্যরেখার দিকে পিছু হটে অবস্থা নেয়। এতে সকাল ৯টার দিকে আবারও উভয়পক্ষের মধ্যে তীব্র সংঘাতের ঘটনা ঘটে। এসময় মিয়ানমার দিক থেকে ছোঁড়া গুলি সীমান্তের বাংলাদেশি এক বসত ঘরে আঘাত হানে। এতে বাংলাদেশি এক শিশু গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
পুলিশের এ উপপরিদর্শক বলেন, ঘটনার খবর শুনে পুলিশ, র্যাব, বিজিবি ও এপিবিএন সদস্যরা ঘটনাস্থলে যেতে চাইলে উত্তেজিত স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে আইনশৃংখলা বাহিনীকে ঘটনাস্থলে যেতে বাধা দেয়।