Sylhet Today 24 PRINT

ম্যানচেস্টার-সিলেট ফ্লাইট স্থগিতে ব্রিটিশ ৮ এমপির চিঠি

সিলেটটুডে ডেস্ক |  ১১ জানুয়ারী, ২০২৬

ছবি: সংগৃহীত

ম্যানচেস্টার-সিলেট সরাসরি ফ্লাইট স্থগিতের সম্ভাব্য সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আটজন সংসদ সদস্য । তারা উদ্বেগ প্রকাশ করে বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে চিঠি দিয়েছেন যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টার ও নর্থ ওয়েস্ট অঞ্চলের ।

গত শুক্রবার পাঠানো ওই চিঠিতে স্বাক্ষর করেন পল ওয়াহ (রচডেল), আফজাল খান (ম্যানচেস্টার রাশোলম), অ্যান্ড্রু গুইন (গর্টন অ্যান্ড ডেন্টন), জিম ম্যাকমাহন (ওল্ডহ্যাম ওয়েস্ট, চাডারটন অ্যান্ড রয়টন), ডেবি আব্রাহামস (ওল্ডহ্যাম ইস্ট অ্যান্ড স্যাডলওয়ার্থ), সারাহ হল (ওয়ারিংটন সাউথ), নবেন্দু মিশ্র (স্টকপোর্ট) এবং জেফ স্মিথ (ম্যানচেস্টার উইথিংটন)। চিঠিটি পাঠানো হয় বিমান বাংলাদেশের সিইও শাফিউল আজিমের কাছে।

চিঠির অনুলিপি দেওয়া হয়েছে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকেও। চিঠিতে এমপিরা বলেছেন, ম্যানচেস্টার-সিলেট রুট যুক্তরাজ্যের অন্যতম বৃহৎ বাংলাদেশি কমিউনিটির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অপরিহার্য যোগাযোগমাধ্যম। অসুস্থ স্বজনের খোঁজ নেওয়া, মৃত্যুজনিত জরুরি সফর, চিকিৎসা ও পারিবারিক প্রয়োজনে বহু মানুষ এই সরাসরি ফ্লাইটের ওপর নির্ভরশীল। তারা জানান, ১ ফেব্রুয়ারি থেকে বুকিং সিস্টেমে ম্যানচেস্টার-সিলেট ফ্লাইট দেখা না গেলেও এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা ব্যাখ্যা দেওয়া হয়নি। ফলে যাত্রীদের মধ্যে চরম অনিশ্চয়তা তৈরি করেছে।

চিঠিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে তিনটি বিষয় স্পষ্ট করার আহ্বান জানানো হয়, ম্যানচেস্টার-সিলেট রুটের বর্তমান অবস্থা নিশ্চিত করা, রুট স্থগিতের পেছনের যুক্তি ব্যাখ্যা করা এবং এই গুরুত্বপূর্ণ সেবা রক্ষায় কী পদক্ষেপ নেওয়া হচ্ছে তা জানানো।

এমপিরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে বাংলাদেশ হাইকমিশন ও সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে সমন্বয় করে রুটটি স্থগিতের সিদ্ধান্ত পুনর্বিবেচনা এবং ক্ষতিগ্রস্ত কমিউনিটির সঙ্গে সরাসরি আলোচনায় বসার অনুরোধ জানান।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.