Sylhet Today 24 PRINT

মামলা থেকে অব্যাহতি পেলেন মেহজাবীন

সিলেটটুডে ডেস্ক |  ১২ জানুয়ারী, ২০২৬

ছবি: সংগৃহীত

বাদী আমিরুল ইসলা করা মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দিয়েছেন আদালত।

আজ সোমবার সকালে শুনানি নিয়ে এই আদেশ দেন ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার।

মামলার বিষয়ে মেহজাবীন ও আলিশানের জবাব দাখিলের জন্য আজ (১২ জানুয়ারি) দিন ধার্য ছিলো। জবাব দাখিলের পর শুনানি নিয়ে তাঁদের মামলা থেকে অব্যাহতির আদেশ দেন আদালত। আসামিপক্ষের আইনজীবী তুহিন হাওলাদার এই তথ্য নিশ্চিত করেন।

মামলাটি ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১০৭ ও ১১৭ (৩) ধারায় করা হয়েছিলো।

মামলার অভিযোগে বলা হয়েছিল, বাদীর (আমিরুল) সঙ্গে দীর্ঘদিনের পরিচয় মেহজাবীনের। সেই সূত্রে মেহজাবীনের নতুন পারিবারিক ব্যবসার অংশীদার হিসেবে যুক্ত হতে ২৭ লাখ টাকা দেন তিনি। এরপর মেহজাবীন ও তাঁর ভাই দীর্ঘদিন ধরে ব্যবসায়িক কার্যক্রম শুরুর উদ্যোগ নেননি। ব্যবসায়িক কার্যক্রম শুরু না করায় বাদী বিভিন্ন সময় টাকা চাইতে গেলে ‘আজ দেব, কাল দেব’ বলে আসামিরা সময় পার করতে থাকেন। গত বছরের ১১ ফেব্রুয়ারি পাওনা টাকা চাইতে গেলে মেহজাবীন ও আলিশান ১৬ মার্চ (২০২৫ সাল) বাদীকে হাতিরঝিলের একটি রেস্টুরেন্টে যেতে বলেন। সেখানে গেলে মেহজাবীন, তাঁর ভাইসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচজন তাঁকে অকথ্য ভাষায় গালাগালি করেন। তাঁকে মেরে ফেলার হুমকি দেন। তখন বাদী বিষয়টি সমাধানের জন্য ভাটারা থানায় যান। থানা-পুলিশ তাঁকে আদালতে মামলা করার পরামর্শ দেয়। এরপর তিনি আদালতে মামলা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.