Sylhet Today 24 PRINT

গরু ভাগাভাগি ও হজের টাকা পরিশোধের দ্বন্দ্বে ছেলের হাতে বাবা খুন

সিলেটটুডে ডেস্ক |  ১৩ জানুয়ারী, ২০২৬

প্রতীকী ছবি

কুমিল্লার মুরাদনগরে ছেলের লাঠির আঘাতে বৃদ্ধ বাবা নিহত হয়েছেন। গরু ভাগাভাগি ও বাবার হজের টাকা পরিশোধসংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। নিহত বৃদ্ধের নাম সুরুজ মিয়া (৬৫)।

গতকাল সোমবার বিকেলে উপজেলার সুবিলারচর গ্রামের পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় অভিযুক্ত তাঁর বড় ছেলে ফয়েজ মিয়া (৩২) ঘটনার পর থেকে পলাতক।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, সুরুজ মিয়া তাঁর তিন ছেলেকে আগেই জমিজমা ও সম্পত্তি আলাদা করে বুঝিয়ে দিয়েছিলেন। তবে শর্ত ছিল, নিজের হজের জন্য নির্ধারিত টাকা পরিশোধের পর ছয়টি গরু তিন ছেলের মধ্যে ভাগ করে দেওয়া হবে। গতকাল বিকেলে বাবার হজের টাকা পরিশোধ না করেই বড় ছেলে ফয়েজ মিয়া গরু বিক্রির উদ্যোগ নেন। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে ফয়েজ মিয়া কাঠের চেলা দিয়ে সুরুজ মিয়ার মাথায় এলোপাতাড়ি আঘাত করেন। এতে তাঁর মাথা ফেটে রক্তক্ষরণ শুরু হয়। গুরুতর আহত অবস্থায় সুরুজ মিয়া মাটিতে লুটিয়ে পড়লে অভিযুক্ত ছেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে মুরাদনগর থানায় নিয়ে আসে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান জামিল খান বলেন, গরু ভাগাভাগি–সংক্রান্ত বিরোধের জেরে ছেলের হাতে বাবার মৃত্যুর ঘটনাটি ঘটেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে পলাতক। অভিযুক্তকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। আজ মঙ্গলবার মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.