Sylhet Today 24 PRINT

পুলিশ পিটিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত ৫ পুলিশ সদস্য

সিলেটটুডে ডেস্ক |  ১৪ জানুয়ারী, ২০২৬

ছবি: সংগৃহীত

ময়মনসিংহে মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় পুলিশের ওপর আসামির লোকজন হামলা চালিয়ে আসামিকে চিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে । এ সময় হাতকড়াসহ আরিফুল ইসলাম (২৬) নামের আসামিকে ছিনিয়ে নেওয়ার হামলায় মামলার তদন্তকারী কর্মকর্তাসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে নগরীর দিগারকান্দা ফিশারি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরবর্তী সময়ে এলাকায় র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা টহল দেন।

পুলিশের ওপর হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগে সাগর আলী (৫০) নামের একজনকে আটক করেছে পুলিশ। তিনি গ্রেপ্তার করতে যাওয়া আরিফুলের বাবা।

পুলিশ জানায়, ১০ জানুয়ারি দুপুরে মো. রাসেল নামের স্থানীয় এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন আরিফুল ইসলাম ও তাঁর সহযোগীরা। রাসেল বর্তমানে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় ১১ জানুয়ারি একটি মামলা করে আহত রাসেলের পরিবার। মামলায় ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা হয়।

গতকাল মঙ্গলবার বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক ফরিদ আহমদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল দিগারকান্দা এলাকায় অভিযান চালিয়ে আসামি আরিফুল ইসলামকে গ্রেপ্তার করে। তাঁকে নিয়ে আসার সময় আরিফুলের বাবা সাগর আলীর নেতৃত্বে শতাধিক লোক লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা করে। একপর্যায়ে পুলিশ সদস্যদের এলোপাতাড়ি আঘাত করে আরিফুলকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে যান তাঁরা।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুস সাকিব বলেন, মামলার এজাহারভুক্ত আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। একজন পুলিশ কর্মকর্তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁর শরীরে আঘাত আছে। পুলিশের ওপর হামলার ঘটনায় তাঁরা প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিচ্ছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.