Sylhet Today 24 PRINT

হাদি হত্যা মামলার অভিযোগপত্রে বাদীর নারাজি

সিলেটটুডে ডেস্ক |  ১৫ জানুয়ারী, ২০২৬

ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্রে নারাজি দিয়েছেন বাদী।

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে এই নারাজি আবেদন দেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। বাদীপক্ষে আইনজীবী মোস্তাফিজুর রহমান মুকুল এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক ফয়সাল আহমেদ গত ৬ জানুয়ারি মোট ১৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

১২ জানুয়ারি মামলার বাদী আদালতে হাজির হয়ে অভিযোগপত্র পর্যালোচনার জন্য ১৫ জানুয়ারি (আজ) পর্যন্ত সময় নেন। সেদিন আদালত অভিযোগপত্র গ্রহণ বিষয়ে শুনানির জন্য আজকের দিন ধার্য করেন। আজ অভিযোগপত্রে নারাজি দিলেন বাদী।

অভিযোগপত্রে অভিযুক্ত ৬ আসামি পলাতক। বাকি ১১ আসামি কারাগারে আছেন।

পলাতক আসামিরা হলেন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ, তাঁর সহযোগী আলমগীর হোসেন, তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পি, ফিলিপ স্নাল ফিলিপস, মুক্তি আক্তার ও ফয়সালের বোন জেসমিন আক্তার।

কারাগারে থাকা আসামিরা হলেন ফয়সাল করিমে বাবা মো. হুমায়ুন কবির, মা মোসা. হাসি বেগম, স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, বান্ধবী মারিয়া আক্তার লিমা, শ্যালক ওয়াহিদ আহমেদ সিপু, রেন্ট-এ-কার ব্যবসায়ী মুফতি মো. নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বল, ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী মো. কবির, সিবিয়ন দিউ, সঞ্জয় চিসিম, মো. আমিনুল ইসলাম ওরফে রাজু ও মো. ফয়সাল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.