সিলেটটুডে ডেস্ক | ১৭ জানুয়ারী, ২০২৬
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও সাবেক এমপি ফজলে করিম চৌধুরীসহ ৩৩০ জনকে ‘দুষ্কৃতকারী’ হিসেবে চিহ্নিত করে তাদেরকে চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।
শনিবার (১৭ জানুয়ারি) বিকালে এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়।
এমপি-মন্ত্রীসহ এই তালিকায় আরো রয়েছেন সাবেক চসিক কাউন্সিলর শৈবাল দাশ সুমন, হিরন, এসরার, মামুন, বাবুসহ জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলার মামলার আসামি চসিকের বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলররা। এছাড়া কারাবন্দি ইসকনের সাবেক সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী নামও রয়েছে এই তালিকায়।
সিএমপির তালিকায় উল্লিখিত উল্লেখযোগ্যরা হলেন- কার্যক্রম নিষিদ্ধ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী, এম এ লতিফ, নোমান আল মাহমুদ ও মোহাম্মদ মহিউদ্দীন বাচ্চু। এদের মধ্যে ফজলে করিম ও লতিফ বর্তমানে কারাগারে আছেন।
চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলরদের মধ্যে যাদের নাম আছে- মোহাম্মদ হোসেন হিরণ, আব্দুল কাদের প্রকাশ মাছ কাদের, নুর মোস্তফা টিনু, শৈবাল দাশ সুমন, গাজী শফিউল আজম, মো. শাহেদ ইকবাল বাবু, শফিকুল ইসলাম, এসরারুল হক, মোহাম্মদ কাজী নুরুল আমিন, এম আশরাফুল আলম, মোবারক আলী, মোরশেদ আলম, জহরুল আলম জসিম, নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, মোহাম্মদ ইসমাইল, নুরুল আমিন, ওয়াসিম উদ্দিন চৌধুরী, আবুল হাসনাত মো. বেলাল, মোহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ শহিদুল আলম, হাজী মো. হারুন উর রশীদ, নূরুল আলম, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, মোহাম্মদ সলিম উল্ল্যাহ, মোহাম্মদ জাবেদ, নাজমুল হক ডিউক, আব্দুস সবুর লিটন, মো. ইলিয়াছ, শেখ জাফরুল হায়দার চৌধুরী, নজরুল ইসলাম বাহাদুর, গোলাম মো. জোবায়ের, আতাউল্লা চৌধুরী, আবদুস সালাম, জহরলাল হাজারী্, হাসান মুরাদ বিপ্লব, পুলক খাস্তগীর, হাজী নুরুল হক, মোর্শেদ আলী, মোহাম্মদ আবদুল মান্নান, গোলাম মোহাম্মদ চৌধুরী, জিয়াউল হক সুমন, আবদুল বারেক, আসলাম প্রকাশ ডাকাত আসলাম ও ছালেহ আহম্মদ চৌধুরী।
কাউন্সিলরদের মধ্যে তালিকায় নাম থাকা আতাউল্লাহ সম্প্রতি মারা গেছেন। বাকিদের অধিকাংশই বর্তমানে পলাতক আছেন।
এছাড়া আওয়ামী লীগ নেতা খলিলুর রহমান নাহিদ, কেন্দ্রীয় যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর, দেবাশীষ পাল দেবু, সাবেক ছাত্রলীগ নেতা মশিউর রহমান দিদার, নুরুল আজিম রনি, সাইফুল আলম লিমন, জহির উদ্দিন বাবর, নিষিদ্ধ নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও জাকারিয়া দস্তগীর, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সামদানি জনি, সুভাষ মল্লিক সবুজের নামও আছে তালিকায়।
নগর পুলিশ কমিশনার হাসিব আজিজের স্বাক্ষরিত এই গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ ১৯৭৮-এর ৪০, ৪১ ও ৪৩ ধারার প্রদত্ত ক্ষমতাবলে চট্টগ্রাম মহানগর এলাকায় অবস্থানরত বিভিন্ন দুষ্কৃতকারীদের বহিষ্কার এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উক্ত দুষ্কৃতকারী দলের সদস্যদেরকে চট্টগ্রাম মহানগরী এলাকায় প্রবেশ এবং অবস্থান নিষিদ্ধ করা হলো।’
আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।