Sylhet Today 24 PRINT

টি–টুয়েন্টি বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ

সিলেটটুডে ডেস্ক |  ২২ জানুয়ারী, ২০২৬

ক্রিকেটারদের সঙ্গে ক্রীড়া উপদেষ্টার বৈঠকের পরও আগের অবস্থানে বদল আসেনি। ভারতে নিরাপত্তা ঝুঁকির কোনো পরিবর্তন হয়নি জানিয়ে সেখানে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তেই অনড় আছে বাংলাদেশ। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, এই সিদ্ধান্ত পুরোপুরি সরকারের।

আইসিসির বোর্ড সভায় বুধবার ভোটাভুটিতে হেরে যাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য এক দিন সময় পেয়েছিল বাংলাদেশ। কিন্তু বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, শ্রীলঙ্কায় খেলতে লড়াই চালিয়ে যাবেন তারা।

ঢাকার একটি হোটেলে বৈঠকের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আবারও তুলে ধরেন আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রেক্ষাপট।

বৈঠক শেষে নিরাপত্তাশঙ্কায় ভারতে টি–টুয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত বদলানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। আইসিসিও যেহেতু বাংলাদেশের ভেন্যু বদলানোর অনুরোধ রাখেনি, এর অর্থ এবারের টি–টুয়েন্টি বিশ্বকাপে শেষ পর্যন্ত খেলা হচ্ছে না বাংলাদেশের।

বৃহস্পতিবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর এ কথা বলেছেন তিনি। আইসিসি বাংলাদেশের ভেন্যু স্থানান্তরের অনুরোধ না রেখে সুবিচার করেনি উল্লেখ করে উপদেষ্টা বলেছেন, তারা সুবিচার করবে বলে আশা করছেন। ক্রিকেটারদের সঙ্গে কী আলাপ হয়েছে তা অবশ্য খুলে বলেননি তিনি।

আসিফ নজরুল জানিয়েছেন, বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। যে নিরাপত্তা উদ্বেগের কারণে তারা ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, সেটিরও কোনো পরিবর্তন হয়নি।

আসিফ নজরুল বলেন, আমাদের ক্রিকেটাররা কঠোর পরিশ্রম করে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে, কিন্তু বর্তমানে ভারতে খেলার ক্ষেত্রে নিরাপত্তা ঝুঁকির পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। এই আশঙ্কা কোনো বায়বীয় ধারণা থেকে নয়; বরং একটি বাস্তব ঘটনা থেকে উদ্ভূত হয়েছে, যেখানে আমাদের একজন সেরা খেলোয়াড়কে (মুস্তাফিজুর রহমান) উগ্রবাদীদের চাপের মুখে নিরাপত্তা দিতে ভারতীয় ক্রিকেট বোর্ড ব্যর্থ হয়েছে এবং তাকে ভারত ছাড়তে বলা হয়েছে। যেহেতু ভারতীয় ক্রিকেট বোর্ড সরকারের একটি বর্ধিত অংশ এবং তারা একজন খেলোয়াড়কেই নিরাপত্তা দিতে পারেনি, তাই তারা আমাদের পুরো দল, সাংবাদিক ও দর্শকদের নিরাপত্তা দিতে পারবে—এমন কোনো আশ্বাস আইসিসি বা ভারত সরকার দিতে পারেনি।

ক্রীড়া উপদেষ্টার পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। তিনি জানান, এখনও বিশ্বকাপের ম্যাচ শ্রীলঙ্কাতেই খেলতে চান তারা। এজন্য লড়াই চালিয়ে যাবেন। বুধবার আইসিসির সভায় বিসিবি সভাপতিকে ভারতে না খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে সরকারের সঙ্গে আলোচনার জন্য একদিন সময় দেওয়া হয়েছিল। তারই প্রেক্ষিতে আজ চূড়ান্তভাবে ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অটল থাকার কথা জানালেন ক্রীড়া উপদেষ্টা ও বিসিবি সভাপতি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.