Sylhet Today 24 PRINT

খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের রাজ্যসভায় শোকপ্রস্তাব উঠছে

সিলেটটুডে ডেস্ক |  ২৮ জানুয়ারী, ২০২৬

ছবি: সংগৃহীত

ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার অধিবেশনে শোকপ্রস্তাব বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাম আনার কথা রয়েছে। রাজ্যসভার বুধবারের কার্যসূচিতে দেখা যায়, অধিবেশনে প্রয়াতদের স্মরণ পর্বে খালেদা জিয়াসহ মোট তিনজনের জন্য শোক প্রস্তাব তোলা হবে।

রাজ্যসভার আজকের দিনের বাজেট অধিবেশনের কার্যতালিকা থেকে এ তথ্য জানান গেছে। ২৭ জানুয়ারি রাজ্যসভার শোকপ্রস্তাবের এই কার্যতালিকা প্রকাশিত হয়। এতে উল্লেখ করা হয়েছে, আজকের অধিবেশনে প্রয়াত তিন নেতার জন্য শোকপ্রস্তাব আনা হবে। এই তিনজনের মধ্যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারতের প্রয়াত দুই নেতা রয়েছেন।

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গত বছরের ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরদিন ৩১ ডিসেম্বর রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর জিয়া উদ্যানে স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সহ শোকপ্রস্তাবের এই কার্যতালিকায় প্রকাশিত অন্য দুই নেতা হলেন ভারতের সাবেক সংসদ সদস্য ও তামিলনাড়ুর বর্ষীয়ান রাজনীতিক এল গণেশন এবং সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুরেশ কালমাদি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.