Sylhet Today 24 PRINT

‘মার-মার, পিটাও-পিটাও’, পুলিশকে প্রকাশ্যে নির্দেশনা দিলেন ডিএমপি কমিশনার

সিলেটটুডে ডেস্ক |  ০৬ ফেব্রুয়ারী, ২০২৬

‘মার-মার, পিটাও-পিটাও’ উচ্চারণ করে পুলিশকে প্রকাশ্যে নির্দেশনা দিলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

শুক্রবার নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনের আলোকে গেজেট প্রকাশ ও বাস্তবায়নের এক দফা দাবিতে যমুনা অভিমুখে মিছিল করছিলেন সরকারি কর্মচারীরা। এ সময় পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামানের পানি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের দেয়া ব্যারিকেড ভেঙে যমুনার প্রবেশ মুখে অবস্থান নেন তারা।

এ সময় বিভিন্ন স্লোগন দেন সরকারি চাকরিজীবীরা। কিছুক্ষণ পর আন্দোলনকারীদের ওপর টিয়ারগ্যাস নিক্ষেপ করতে দেখা যায় পুলিশকে।

দৈনিক কালের কণ্ঠ পত্রিকা তাদের ফেসবুক পেইজে একাধিক ভিডিও প্রকাশ করে, এর একটিতে ডিমএমপি কমিশনার সাজ্জাত আলীকে ‘মার-মার, পিটাও-পিটাও’ উচ্চারণ করে পুলিশকে নির্দেশনা দিতে দেখা যায়।

এর আগে সকালে ৯ম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন সরকারি চাকরিজীবীরা। এরপর সেখান থেকে যমুনা অভিমুখে যাত্রা করেন তারা।

আন্দোলনকারীরা জানান, আজকের মধ্যেই ৯ম পে স্কেলের গেজেট প্রকাশ করতে হবে, অন্যথায় তারা বাড়ি ফিরবেন না।

রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. নবী বলেন, সরকারি কর্মচারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.