Sylhet Today 24 PRINT

মন্ত্রীর পদমর্যাদা চেয়েছিলেন গভর্নর আহসান, প্রস্তাব প্রত্যাখ্যান করল সরকার

সিলেটটুডে ডেস্ক |  ০৮ ফেব্রুয়ারী, ২০২৬

বাংলাদেশ ব্যাংকের পূর্ণ স্বায়ত্তশাসন নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক অর্ডার–১৯৭২ সংশোধনের যে প্রস্তাব দেওয়া হয়েছিল, তা প্রত্যাখ্যান করেছে অন্তর্বর্তী সরকার। এতে মন্ত্রীর পদমর্যাদা পাওয়ার যে আবেদন করেছিলেন গভর্নর আহসান এইচ মনসুর সেটা পাচ্ছেন না তিনি।

জানা গেছে, অর্থ উপদেষ্টা গভর্নরকে পাঠানো এক চিঠিতে জানান, এ ধরনের মৌলিক আইন সংশোধন এই সরকারের জন্য বাস্তবসম্মত নয়; বরং পরবর্তী সরকারের হাতেই এ উদ্যোগ নেওয়াই অধিকতর যুক্তিযুক্ত হবে।

এর ফলে গভর্নরকে মন্ত্রী পদমর্যাদা প্রদান, জাতীয় সংসদের কাছে কেন্দ্রীয় ব্যাংকের দায়বদ্ধতা নিশ্চিতকরণ, আর্থিক ও প্রশাসনিক পূর্ণ স্বাধীনতা—এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপাতত বাস্তবায়িত হচ্ছে না।

জানা গেছে, ব্যাংক খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে কেন্দ্রীয় ব্যাংকের পূর্ণ স্বায়ত্তশাসন অত্যন্ত জরুরি বলে দাবি উঠানো হয়েছে। বর্তমানে গভর্নর ও ডেপুটি গভর্নর নিয়োগ ও অপসারণের ক্ষমতা অর্থ মন্ত্রণালয়ের হাতে ন্যস্ত। একইভাবে পরিচালনা পর্ষদ গঠনেও মন্ত্রণালয়ের ভূমিকা থাকায় বাংলাদেশ ব্যাংকের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা সীমিত হয়ে পড়ছে। উপরিউক্ত কারণে এ পরিস্থিতি থেকে উত্তরণে বাংলাদেশ ব্যাংক অর্ডার–১৯৭২ সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছিল।

আইএমএফের কারিগরি সহায়তায় বাংলাদেশ ব্যাংকের একটি টিম সংশোধনী খসড়া প্রস্তুত করে। পরে কামাল হোসেন অ্যান্ড অ্যাসোসিয়েটস থেকে খসড়াটির ওপর আইনি মতামত নেওয়া হয়। বিভিন্ন ধাপ শেষে গত বছরের ১৩ আগস্ট কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের একটি বিশেষ সভায় খসড়াটি আলোচনায় আসে। সভার পর্যবেক্ষণ সংযোজন করে ২৭ আগস্ট আরেকটি পর্ষদ সভা অনুষ্ঠিত হয়। এসব প্রক্রিয়া শেষে গত বছরের অক্টোবরের মাঝামাঝি সময়ে সংশোধনী প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়। তবে গত চার মাস ধরে প্রস্তাবটি সেখানে পড়ে থাকলেও কোনো অগ্রগতি হয়নি।

জানা গেছে, প্রাথমিকভাবে পরিচালনা পর্ষদে কোনো আমলা না রাখার প্রস্তাব থাকলেও পরে তা সংশোধন করা হয়। সংশোধিত প্রস্তাব অনুযায়ী, পর্ষদে সরকারের একজন প্রতিনিধি, ছয়জন স্বতন্ত্র বিশেষজ্ঞ, গভর্নর এবং একজন ডেপুটি গভর্নর থাকার কথা বলা হয়। দীর্ঘদিন সাড়া না পেয়ে সম্প্রতি গভর্নর অর্থ উপদেষ্টাকে চিঠি দেন। এর জবাবেই অর্থ উপদেষ্টা জানান, এই সরকারের সময়ে অধ্যাদেশ জারি করে আইন সংশোধন করা বাস্তবসম্মত নয়।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানান, তিনি এখনও ওই চিঠি হাতে পাননি। তবে অন্তর্বর্তী সরকারের সময়ে বাংলাদেশ ব্যাংক অর্ডার সংশোধন না হওয়াটা অত্যন্ত দুঃখজনক। কেন এটি সম্ভব হলো না, তা তার বোধগম্য নয় বলেও মন্তব্য করেন তিনি। গভর্নরের ভাষায়, আর্থিক খাতের স্থিতিশীলতার জন্য এই সংশোধন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী সরকারের সঙ্গে আলোচনা করে সংশোধনী প্রস্তাব কার্যকরের চেষ্টা চালানো হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.