Sylhet Today 24 PRINT

চাচার ধর্ষণে মৃত্যুর মুখে ৯ বছরের শিশু

নিউজ ডেস্ক |  ১৩ ফেব্রুয়ারী, ২০১৬

এবার খেলতে গিয়ে চাচার হাতে ধর্ষিত হলো তৃতীয় শ্রেণীর এক ছাত্রী। মাদারীপুরের নিভৃত পল্লী কালকিনির আলীপুর গ্রামে বর্বরোচিত এ ঘটনা ঘটে।

ওই স্কুলছাত্রীকে প্রাথমিকভাবে জেলা সদর হাসপালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসতালে স্থানান্তর করা হয়েছে। পিতৃহারা অসহায় মেয়েটি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।

ধর্ষিতার পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, প্রতিবেশী চাচা ইউনুস সরদার বৃহস্পতিবার সন্ধ্যার পর বাড়ির সামনের রাস্তা থেকে মুখ চেপে ধরে একটি সরিষা ক্ষেতে নিয়ে ৯ বছর বয়সী ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে।

পরে বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন ওই ছাত্রীকে শুক্রবার সকালে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসেন। অবস্থার অবনতি হলে বিকালে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। ওই স্কুলছাত্রীর বাবা চার বছর আগে মারা গেছেন।

ধর্ষিতার মা জানান, ধর্ষণের পর তার মেয়েকে ঘটনার বিষয়ে কাউকে জনালে তাকে মেরে ফেলা হবে বলে হুমকি দেয়া হয়। ভয়ে প্রথমে তার মেয়ে তাকে কিছু বলতে না চাইলেও পরে অসুস্থ হয়ে পড়ায় ঘটনার বিস্তারিত তাকে জানান।

মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার খোন্দকার মাইনুল হাসান জানান, শিশুটির প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ধর্ষণের প্রাথমিক আলামত সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.