Sylhet Today 24 PRINT

টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ হচ্ছে: আসিফ মাহমুদ

সিলেটটুডে ডেস্ক |  ১২ ফেব্রুয়ারী, ২০২৬

দেশের বিভিন্ন স্থানে টাকা উদ্ধারের বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। টাকা ছিনতাই করা হচ্ছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটর কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন এনসিপির মুখপাত্র। টাকা দিয়ে ভোট কেনার দিন শেষ উল্লেখ করে ভোটারদের টাকা দেওয়া প্রার্থীদের বর্জনের আহ্বান জানান তিনি।

নির্বাচন নিয়ে নানা নাশকতার তথ্য পাওয়া যাচ্ছে উল্লেখ করে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির এই চেয়ারম্যান বলেন, ‘নোয়াখালীতে হান্নান মাসুদের বাড়িতে স্লোগান দিয়ে হামলা ও লুটপাট চালিয়েছেন বিএনপির লোকজন। প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি, যা শঙ্কা বাড়িয়ে দিচ্ছে। এ ছাড়া পঞ্চগড়ে সারজিস আলমের গাড়িবহরে হামলা করা হয়েছে। পাশাপাশি ঢাকা-১৫ আসনে জামায়াতের আমিরের এলাকায় ১৩টি নির্বাচনি বুথে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সারা দেশে পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে।’

আসিফ মাহমুদ বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় অস্ত্র মজুত করা হচ্ছে।’ যেসব জায়গায় অস্ত্র মজুত করা হয়েছে, সেসব স্থানে বুধবার রাতের মধ্যেই যৌথ বাহিনীকে অভিযান চালানোর আহ্বান জানান তিনি।

মিডিয়া বিএনপির দখলে অভিযোগ করে তিনি বলেন, ‘সাংবাদিকরা বাধ্য হচ্ছেন। মিডিয়া একপক্ষীয় ও অদায়িত্বশীল ভূমিকা পালন করছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.