Sylhet Today 24 PRINT

গুলশান মডেল স্কুল কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

সিলেটটুডে ডেস্ক |  ১২ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের প্রার্থী তারেক রহমান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ৯টা ৪৫ মিনিটে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে তিনি ভোট দেন।

এর আগে, কড়া নিরাপত্তার মধ্যেই নিজ কেন্দ্রে ভোট দিতে যান বিএনপি চেয়ারম্যান। তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।

তারেক রহমানের কেন্দ্র ঘিরে সেনাবাহিনী ও পুলিশের বাড়তি নিরাপত্তা ব্যবস্থা দেখা যায়।

এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন তারেক রহমান। তার ভোটদানকে ঘিরে কেন্দ্রটি ছিল দলীয় নেতাকর্মীদের বিশেষ আগ্রহের কেন্দ্র। পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যম ও বিদেশি পর্যবেক্ষকদের নজরও ছিল সেখানে।

তারেক রহমান ঢাকা–১৭ আসনের পাশাপাশি তার পৈতৃক এলাকা বগুড়া–৬ আসন থেকেও ‘ধানের শীষ’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর আগে, এদিন সকাল সাড়ে ৭টায় ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুলের নিজের এলাকা তাঁতিপাড়াসহ ওই কেন্দ্রের আওতাভুক্ত হয়েছে শহরের তিনটি মহল্লা। সেখানে মোট ভোটার ৩ হাজার ৩৬৮ জন।

ফকিরপাড়ায় ১ হাজার ৬৮২ জন, কালীবাড়ি বাজার ও মন্দির সংলগ্ন এলাকায় ১ হাজার ৫১২ জন এবং তাঁতিপাড়ায় ১৭৪ জন। এই কেন্দ্রে পুরুষ ও মহিলা ভোটারদের জন্য মোট ১০টি বুথ থাকছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.