Sylhet Today 24 PRINT

গণমাধ্যমে নির্বাচনী প্রচারে জামায়াতের চাইতে বেশি গুরুত্ব পেয়েছে বিএনপি: মিডিয়া ওয়াচ

সিলেটটুডে ডেস্ক |  ১২ ফেব্রুয়ারী, ২০২৬

মূলধারার গণমাধ্যমগুলো রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারণামূলক সংবাদে জামায়াতে ইসলামীর চেয়ে তুলনামূলক বেশি গুরুত্ব দিয়েছে বিএনপিকে। গত ১৮ দিনের প্রচারণায় ৯টি প্রিন্ট, ৫টি অনলাইন ও ৭টি ইলেকট্রনিক মিডিয়াকে অন্তর্ভুক্ত করে মিডিয়া কাভারেজের বিশ্লেষণে এ পর্যবেক্ষণ তুলে ধরেছে মিডিয়া ওয়াচ বাংলাদেশ।

গতকাল বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ‘নির্বাচনী প্রচারণা সংশ্লিষ্ট সংবাদের তুলনামূলক বিশ্লেষণের ডেটা প্রকাশ’ শীর্ষক অনুষ্ঠানে এ চিত্র তুলে ধরা হয়। গত ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত ১৮ দিনের সংবাদ বিশ্লেষণ করে এ উপাত্ত প্রকাশ করা হয়েছে। দুটি দলের নির্বাচনী প্রচারমূলক কার্যক্রমের মোট ২১টি গণমাধ্যমের কাভারেজের তথ্য বিশ্লেষণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে মিডিয়া ওয়াচের রিসার্চ কো-অর্ডিনেটর প্লাবন তারিক জানান, ২৩ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত প্রকাশিত ৯টি প্রিন্ট পত্রিকায় বিএনপির নির্বাচনী সংবাদ প্রকাশ করেছে ৭৪৭টি, জামায়াতের ৩৬৪টি। ১৮ দিনে ছবি প্রকাশিত হয় বিএনপির ৬৬৬টি, জামায়াতে ইসলামীর ৩৬২টি। ৫টি অনলাইন গণমাধ্যমে বিএনপির প্রচারের সংবাদ প্রকাশ করা হয় এক হাজার ৪৯৮টি ও জামায়াতের ৮২৭টি। ইলেকট্রনিক ৬টি মিডিয়াতে (টিভি) সন্ধ্যা ও রাতের বুলেটিনে গড় প্রচার বিএনপির ১০৫ মিনিট ও জামায়াতে ইসলামীর ৫৪ মিনিট।

বিশ্লেষণে অন্তর্ভুক্ত ৯টি প্রিন্ট মিডিয়ার মধ্যে আছে– প্রথম আলো, দ্য ডেইলি স্টার, কালের কণ্ঠ, আমার দেশ, সমকাল, ইত্তেফাক, যুগান্তর, ইনকিলাব ও নয়াদিগন্ত; ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে আছে– যমুনা টেলিভিশন, সময় টিভি, বিটিভি, নিউজ ২৪, চ্যানেল ২৪, বাংলা ভিশন, ডিবিসি (আংশিক)। অনলাইন মিডিয়ার মধ্যে আছে– বাসস, বিডিনিউজ ২৪, ঢাকা পোস্ট, বাংলা ট্রিবিউন, জাগো নিউজ।

বিশ্লেষণ অনুযায়ী ইলেকট্রনিক মিডিয়ায় সন্ধ্যা ও রাতের প্রধান বুলেটিনে প্রতিদিন গড় প্রচার সময় বরাদ্দের ভিত্তিতে নির্বাচনী প্রচার সম্পর্কিত সংবাদের বিশ্লেষণ করেছে মিডিয়া ওয়াচ।

এ দুই সময়ের বুলেটিনে প্রতিদিনের গড় হিসাবে চ্যানেল ২৪ বিএনপি জোটের সংবাদ ১৫ মিনিট, জামায়াতে ইসলামী জোট ৭ মিনিট; সময় টিভি বিএনপি জোট ২০ মিনিট, জামায়াতে ইসলামী জোট ১০ মিনিট; বিটিভি বিএনপি জোট ও জামায়াতে ইসলামী জোট উভয়েই ১৫ মিনিট করে; নিউজ ২৪ বিএনপি জোট ২০ মিনিট, জামায়াতে ইসলামী জোট ৫ মিনিট; বাংলা ভিশন বিএনপি জোট ২০ মিনিট, জামায়াতে ইসলামী জোট ৭ মিনিট; ডিবিসি বিএনপি জোট ১৫ মিনিট, জামায়াতে ইসলামী জোট ১০ মিনিট প্রচার করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.