Sylhet Today 24 PRINT

৭৭ শতাংশ কেন্দ্রে ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ, ইসি সচিবের তথ্য

সিলেটটুডে ডেস্ক |  ১২ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথম সাড়ে ৪ ঘণ্টায় কত ভোট পড়েছে তার একটি ধারণা দিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেছেন, বেলা ১২টা পর্যন্ত ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ৩২ দশমিক ৮৮ শতাংশ ভোটগ্রহণ হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় দেশের ২৯৯ আসনের ৪২,৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। সে হিসেবে ৭৭ শতাংশ কেন্দ্রের ভোটগ্রহণ প্রবণতার তথ্য দিয়েছেন ইসি সচিব।

ত্রয়োদশ সংসদ নির্বাচনের সঙ্গে সংস্কার প্রশ্নে গণভোটও হচ্ছে এদিন। এবার ভোটার রয়েছেন মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন।

সচিব বলেন, ‘সারা দেশে এখন পর্যন্ত ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রের তথ্য আমাদের হাতে এসেছে। প্রাপ্ত তথ্যানুযায়ী, সেখানে ৩২ দশমিক ৮৮ শতাংশ ভোট পড়েছে। এখন পর্যন্ত কোনো কেন্দ্রেই ভোটগ্রহণ বন্ধ করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।’

এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী, দেশের কোথাও বড় ধরনের কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি। বিভিন্ন স্থান থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের তথ্য পাওয়া যাচ্ছে। নির্বাচন কমিশন থেকে নিয়মিত বিরতিতে ভোটের সর্বশেষ তথ্য গণমাধ্যমকে জানানোর কথা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.