Sylhet Today 24 PRINT

ঢাকা-১৬: জামায়াতের আবদুল বাতেনের কাছে হেরে গেছেন সাবেক ফুটবলার আমিনুল হক

সিলেটটুডে ডেস্ক |  ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

গোলপোস্টের নিচে দাঁড়িয়ে সাফল্যের সিঁড়ি ভাঙলে নির্বাচনি রাজনীতির অভিষেক ভালো হয়নি সাবেক গোলরক্ষক আমিনুল হকের। বিএনপির প্রার্থী হিসেবে অংশ নিয়ে হেরেছেন তিনি জামায়াতের আবদুল বাতেনের কাছে।

শুক্রবার ঘোষিত ফলাফলে দেখা যায়, ঢাকা-১৬ আসনে আব্দুল বাতেন পেয়েছেন ৮৮ হাজার ৮২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিনুল হক পেয়েছেন ৮৫ হাজার ৪৬৭ ভোট।

হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর প্রায় সাড়ে তিন হাজার ভোটের ব্যবধানে হেরে যান সাবেক এই জাতীয় অধিনায়ককে।

এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারই সর্বাধিক রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। মোট প্রার্থী ২ হাজার ২৯ জন, এর মধ্যে দলীয় ১ হাজার ৭৫৫ এবং স্বতন্ত্র ২৭৪ জন। নারী প্রার্থী রয়েছেন ৮০ জন।

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে পরিচিত আমিনুল ১৯৯৪ সালে মোহামেডান স্পোর্টিং ক্লাব থেকে পেশাদার ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, আবাহনী লিমিটেড ঢাকা ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব-এর জার্সিতে খেলেছেন এবং অসংখ্য শিরোপা জিতেছেন।

১৯৯৮ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোলরক্ষক হিসেবে দেশকে প্রতিনিধিত্ব করেন। অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দিয়েছেন এবং দক্ষিণ এশিয়ার ফুটবলে বাংলাদেশকে নতুন করে পরিচিত করতে ভূমিকা রেখেছেন। ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপ জয় এবং দক্ষিণ এশীয় গেমসে স্বর্ণপদক অর্জনের সঙ্গে তার নাম ওতপ্রোতভাবে জড়িত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.