Sylhet Today 24 PRINT

কত ভোট পেলেন তাসনিম জারা?

নিজস্ব প্রতিবেদক |  ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

এনসিপি জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গড়ার পর প্রতিবাদে দল ছেড়েছিলেন ডা. তাসনিম জারা। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে আলোচনায় এসেছিলেন।

এরপর একদিনের মধ্যে স্বতন্ত্র প্রার্থিতার জন্য প্রয়োজনীয় এক শতাংশ ভোটারের স্বাক্ষর যুক্ত করে প্রাথমিক বাছাইয়ে বাদ পড়েছিলেন। আরপর আপিলে ফিরে পেয়েছিলেন প্রার্থিতা।

আলোচিত এই স্বতন্ত্র প্রার্থী ঢাকা-৯ আসনের নির্বাচনে তৃতীয় হয়েছেন। এই আসনে বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ। ধানের শীষ প্রতীকে তিনি মোট ১ লাখ ১১ হাজার ২১২ ভোট পেয়েছেন।

হাবিবুর রশিদের নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মোহাম্মদ জাবেদ মিয়া। তিনি পেয়েছেন ৫৩ হাজার ৪৬০ ভোট। আর এ আসনে সাবেক এনসিপি নেত্রী ও স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ফুটবল প্রতীকে পেয়েছেন ৪৪ হাজার ৬৮৪ ভোট।

অর্থাৎ জাবেদ মিয়ার তুলনায় ৫৭ হাজার ৭৫২ ভোট, তাসনিম জারার তুলনায় ৬৬ হাজার ৫২৮ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছে হাবিবুর রশিদ। জাবেদ মিয়া ও তাসনিম জারার যৌথ ভোটের চেয়ে হাবিবুর রশিদ বেশি ভোট পেয়েছেন।

শুক্রবার সকাল পৌনে সাতটার দিকে ঢাকার বিভাগীয় কমিশনার (রিটার্নিং কর্মকর্তা) শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এই ফলাফল ঘোষণা করেন।

শরফ উদ্দিন আহমেদ চৌধুরী জানান, ঢাকা-৯ আসনে পোস্টাল ভোটসহ ১৭০টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়।

ঢাকা-৯ আসনে মোট ভোটার ৪ লাখ ৬৯ হাজার ৩৫৬ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ২ লাখ ২১ হাজার ৬৮১ জন। ভোট বাতিল হয়েছে ৩ হাজার ৯৯৩টি। সেই হিসাবে বৈধ ভোট ২ লাখ ১৭ হাজার ৬৮৮টি।

এ আসনে অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের শাহ ইফতেখার আহসান হাতপাখা প্রতীকে ৫ হাজার ৮২৭ ভোট পেয়েছেন। লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী কাজী আবুল খায়ের পেয়েছেন ১ হাজার ২০২ ভোট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.