Sylhet Today 24 PRINT

বাগেরহাটে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ১৫, আটক ৬

সিলেটটুডে ডেস্ক |  ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

বাগেরহাট সদর উপজেলার আড়পাড়া এলাকায় নির্বাচন পরবর্তী সহিংসতায় জামায়াত ও বিএনপির সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩ টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, জামায়াত ও বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা থেকে শুরু হয়ে তা ধীরে ধীরে সংঘর্ষে রূপ নেয়। কিছু সময় ধরে থেমে থেমে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপসহকারী মেডিকেল অফিসার ডা. উত্তম কুমার পাল জানান, এখন পর্যন্ত ১৫ জন আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান বলেন, সংঘর্ষের ঘটনায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে জামায়াত ও বিএনপির দুই গ্রুপের ৬ জনকে আটক করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.