Sylhet Today 24 PRINT

তারেক রহমানের মন্ত্রিসভা: সবচেয়ে কম ২ জন মন্ত্রী পেল সিলেট বিভাগ

নিজস্ব প্রতিবেদক |  ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপি সরকার গঠন করেছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তারেক রহমানকে প্রধানমন্ত্রী শপথবাক্য পাঠ করান।

তারেক রহমানের নেতৃত্বে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রীর সমন্বয়ে নতুন মন্ত্রিপরিষদ গঠিত হয়েছে। নতুন এই মন্ত্রিসভায় প্রথমবারের মতো সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হওয়া অনেকেই জায়গা পেয়েছেন। ৫০ জনের ৪০ জনই নতুন। দলীয় রাজনীতিতে দীর্ঘদিন প্রভাবশালী হিসেবে পরিচিত বিএনপির বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা মন্ত্রিসভায় স্থান পাননি।

বিভাগওয়ারী হিসেবে সবচেয়ে বেশি মন্ত্রী ও প্রতিমন্ত্রী পেয়েছে চট্টগ্রাম বিভাগ; আর সবচেয়ে কম পেয়েছে সিলেট বিভাগ।

মন্ত্রিসভায় জায়গায় পেয়েছেন চট্টগ্রাম বিভাগের ১২ জন। এরমধ্যে ১০ জন মন্ত্রী ও ২ জন প্রতিমন্ত্রী। চট্টগ্রাম বিভাগের মন্ত্রীরা হলেন: আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, আব্দুল আউয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আ ন ম এহসানুল হক মিলন, মোহাম্মদ আমিন উর রশীদ, ড. খলিলুর রহমান। প্রতিমন্ত্রীরা হলেন: মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি ও মীর মুহাম্মদ হেলাল উদ্দীন।

১০ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা বিভাগ। ঢাকা বিভাগের মন্ত্রীরা হলেন: আফরোজা খানম রিতা, ফকির মাহবুব আনাম স্বপন, সরদার সাখাওয়াত হোসেন বকুল ও শেখ রবিউল আলম। প্রতিমন্ত্রীরা হলেন: ইশরাক হোসেন, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, ববি হাজ্জাজ, হাবিবুর রশিদ ও আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে রাজশাহী বিভাগ। এ বিভাগ থেকে মন্ত্রী হয়েছেন: ইকবাল হাসান মাহমুদ টুকু, মিজানুর রহমান মিনু। প্রতিমন্ত্রীরা হলেন: এম এ মুহিত, মীর শাহে আলম, ফারজানা শারমিন ও মুহাম্মদ আব্দুল বারী।

৫ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী পেয়েছে বরিশাল বিভাগ। মন্ত্রীরা হলেন: হাফিজ উদ্দিন আহমেদ ও জহির উদ্দিন স্বপন। প্রতিমন্ত্রীরা হলেন: আহমদ সোহেল মঞ্জুর, রাজিব আহসান ও মো. নুরুল হক নূর।

বরিশালের মতো সমান সংখ্যক মন্ত্রী-প্রতিমন্ত্রী পেয়েছে খুলনা বিভাগ। এ বিভাগ থেকে একমাত্র মন্ত্রী হচ্ছেন নিতাই রায় চৌধুরী। প্রতিমন্ত্রীরা হলেন: মো. আসাদুজ্জামান, অনিন্দ্য ইসলাম অমিত ও শেখ ফরিদুল ইসলাম।

ময়মনসিংহ বিভাগ কোন পূর্ণ মন্ত্রী না পেলেও প্রতিমন্ত্রী পেয়েছে ৫ জন। প্রতিমন্ত্রীরা হলেন: মো. শরিফুল আলম, কায়সার কামাল, এম রাশিদুজ্জামান মিল্লাত, ইয়াসের খান চৌধুরী ও এম ইকবাল হোসেইন।

রংপুর বিভাগ থেকে মন্ত্রিসভায় ডাক পেয়েছেন ৪ জন। মন্ত্রীরা হলেন: মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন ও আসাদুল হাবিব দুলু। এবং ফরহাদ হোসেন আজাদ হয়েছে প্রতিমন্ত্রী।

তারেক রহমানের মন্ত্রিসভায় সিলেট বিভাগ থেকে ডাক পেয়েছেন দুইজন। তারা হলেন: আরিফুল হক চৌধুরী ও খন্দকার আব্দুল মোক্তাদির।

মন্ত্রিসভায় ডাক পাওয়া দুই মন্ত্রীর দুজনই সিলেট থেকে নির্বাচিত। খন্দকার আব্দুল মুক্তাদির সিলেট-১ আসন থেকে, এবং আরিফুল হক চৌধুরী সিলেট-৪ আসন থেকে নির্বাচিত হয়েছেন। বিভাগের অন্য তিন জেলা সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার থেকে কেউ মন্ত্রিসভায় ডাক পাননি।

সিলেট বিভাগে ১৯টি সংসদীয় আসন রয়েছে। এর মধ্যে ১৮ আসনেই জয়ী হয়েছে বিএনপি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.