সিলেটটুডে ডেস্ক | ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) এমডি মাহবুব মোর্শেদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে ৪ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। তদন্ত শেষে আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তথ্য অধিদপ্তরের ফেসবুক পেজে এক সংক্রান্ত এক তথ্য বিবরণী প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বাসসের এমডি ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদের বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির অভিযোগসমূহ নিরপেক্ষ, স্বচ্ছ ও সুষ্ঠুভাবে পর্যালোচনার লক্ষে চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (গ্রেড-১) কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটির অন্য সদস্যরা হলেন- প্রধান তথ্য অফিসার, তথ্য অধিদফতর; মহাপরিচালক, গণযোগাযোগ অধিদফতর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (প্রেস-১) সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়, কমিটি অভিযোগের বিষয়গুলো গভীরভাবে পর্যালোচনা করবে, সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণ করবে এবং প্রয়োজনীয় অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করবে।
গত ১০ ফেব্রুয়ারি বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে পেশাদার সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ এনে তাকে অবিলম্বে বরখাস্ত ও বিচারের দাবি জানায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
এ দাবিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব বরাবর ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল স্মারকলিপি দিয়েছেন। স্মারকলিপিতে বাসসের এমডিকে বরখাস্ত এবং তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের সুষ্ঠু তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
সাংবাদিক-কর্মচারীদের বিক্ষোভের পর গত বুধবার কার্যালয় থেকে বের হয়ে যান মাহবুব মোর্শেদ। রাজধানীর পল্টনে বাসস কার্যালয়ে এমডির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের এ ঘটনা ঘটে। তাকে সাংবাদিক-কর্মচারীদের একটি অংশ রাষ্ট্রায়ত্ত এ সংবাদ সংস্থার কার্যালয়ে 'অবাঞ্ছিতও' ঘোষণা করে।
পরে এ বিষয়ে ফেসবুক পোস্টে অন্তর্বর্তী সরকারের সময়ে দুই বছরের মেয়াদে দায়িত্ব পাওয়া মাহবুব মোর্শেদ 'মব তৈরি করে' তাকে 'অপসারণের' জন্য চাপ তৈরির অভিযোগ আনেন।