Sylhet Today 24 PRINT

রমজান মাসে দিনে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

সিলেটটুডে ডেস্ক |  ২০ ফেব্রুয়ারী, ২০২৬

পবিত্র রমজান মাসে বিদ্যুৎকেন্দ্রে গ্যাসের চাহিদা বেড়ে যাওয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে দেশের সব সিএনজি স্টেশন প্রতিদিন ছয় ঘণ্টা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শুক্রবার এ বিজ্ঞপ্তি দেওয়া হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম রমজান থেকে ১৪ মার্চ পর্যন্ত প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা দেশের সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখতে হবে। গ্যাসের স্বল্প চাপের সমস্যা কাটাতেই এ উদ্যোগ বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রী চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদুল ফিতরের সময় ১৫ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জ্বালানি সরবরাহের সুবিধা এবং সড়কপথে যাত্রী পরিবহনের চাপ সামলাতে এ নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৬ মার্চ থেকে আগের অবস্থায় অর্থাৎ সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.