Sylhet Today 24 PRINT

হুইপ হলেন জিকে গউছ

নিজস্ব প্রতিবেদক |  ০২ মার্চ, ২০২৬

হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত হয়েছেন। জিকে গউছসহ ৬ সংসদ সদস্যকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন হুইপ হিসেবে নিযুক্ত করেন।

সোমবার জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

আর চিফ হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মনিকে।

জিকে গউছ ছাড়া আরও যে ৫ জন হইপ হয়েছেন তারা হলেন- খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম, শরিয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, নাটোর-২ আসনের অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর-৪ আসনের মো. আখতারুজ্জামান মিয়া ও লক্ষ্মীপুর-৪ আসনের এবিএম আশরাফ উদ্দিন (নিজাম)।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে বিএনপি। এরপর ১৭ ফেব্রুয়ারি দলটির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়। আগামী ১২ মার্চ নবনির্বাচিত সংসদের প্রথম অধিবেশন বসার কথা রয়েছে। সংসদ অধিবেশন শুরুর আগেই এই গুরুত্বপূর্ণ সংসদীয় পদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হলো।

নিয়োগপ্রাপ্ত চিফ হুইপ ও হুইপগণ জাতীয় সংসদে সরকারি দলের শৃঙ্খলা রক্ষা এবং সংসদীয় কার্যক্রমে সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.