Sylhet Today 24 PRINT

বজ্রপাতে প্রাণ গেল দুই শ্রমজীবীর

সিলেটটুডে ডেস্ক |  ১৩ মার্চ, ২০২৬

ছবি: সংগৃহীত

নেত্রকোনায় বজ্রপাতে পৃথক স্থানে ২ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিদের একজন কৃষক এবং অন্যজন রাজমিস্ত্রি।

জেলার খালিয়াজুরী ও দুর্গাপুর উপজেলায় শুক্রবার দুপুরে এসব মৃত্যুর ঘটনা ঘটে।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন ও দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. তানজিরুল ইসলাম রায়হান বজ্রপাতে নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, খালিয়াজুরী উপজেলার চাকুয়া গ্রামের রাজেন্দ্র সরকারের ছেলে সুদিন সরকার (৪৩) তিনি পেশায় একজন কৃষক। অপরজন হলেন, জেলার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের আলমপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে আকাশ মিয়া (২৫)। তিনি পেশায় রাজমিস্ত্রি।

পুলিশ জানিয়েছে, খালিয়াজুরী উপজেলার নলসিটি হাওরে গরুকে ঘাস খাওয়াচ্ছিলেন সুদিন সরকার। এ সময় হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে তিনি গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে গুরুতর আহত হন। আশপাশের কৃষকরা উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, জেলার দুর্গাপুর উপজেলার আলমপুর গ্রামের রাজমিস্ত্রী আকাশ মিয়া কাজের উদ্দেশে বাড়ি থেকে বের হলে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এক পর্যায়ে স্থানীয় লোকজন ধানখেতের পাশে তাকে পড়ে থাকতে দেখেন। পরে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. তানজিরুল ইসলাম রায়হান বলেন, “হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হই তিনি মারা গিয়েছেন। তার শরীরে বজ্রপাতে আঘাতের লক্ষণ পাওয়া রয়েছ”।

নেত্রকোনার জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সুখময় সরকার জানান, “বজ্রপাতে নিহত প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে। পাশাপাশি তাদেরকে শুকনো খাবার দেওয়া হয়েছে”।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.