Sylhet Today 24 PRINT

শক্ত হাতে যেকোনো মব দমন করা হবে: মির্জা ফখরুল

সিলেটটুডে ডেস্ক |  ২৩ মার্চ, ২০২৬

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মব সৃষ্টি করতে দেব না আমরা। যেকোনো মব শক্ত হাতে দমন করা হবে।

সোমবার (২৩ মার্চ) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার নেহা নদী পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত এক সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

নিজ দলের নেতা-কর্মীসহ সবাইকে সতর্ক করে তিনি বলেন, 'ইরান-আমেরিকা যুদ্ধে আমাদেরও অনেক ক্ষতি হয়েছে। জ্বালানি তেল নিয়ে সমস্যা তৈরি হয়েছে। কদিন আগে দেখলাম তেল না পেয়ে কিছু লোক পেট্রোল পাম্প ভেঙে দিয়েছে। এভাবে মব সৃষ্টি করতে দেব না আমরা। যেকোনো মব শক্ত হাতে দমন করা হবে।'

'খাল কাটা হলে সারা, দূর হবে বন্যা খরা' প্রতিপাদ্যকে সামনে রেখে 'দেশব্যাপী নদী নালা খাল, জলাধার খনন ও পুনঃখনন' কর্মসূচির আওতায় এ কার্যক্রম উদ্বোধন করা হয়।

সভায় মির্জা ফখরুল বলেন, 'আমরা কাজ করতে এসেছি। কাজ করে, আরও পরিশ্রম করে বেহেশতে যাব।'

সততার সঙ্গে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, সারা বাংলাদেশে ২০ হাজার খাল খনন করা হবে। ১৯৭৬ সালে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের বাবা প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম খাল কাটা শুরু করেছিলেন। সে খাল কাটা যদি অব্যাহত থাকত, তাহলে আজ পানির সমস্যা হতো না দেশে।

তিনি আরও বলেন, আমি উদ্বোধন করে দেওয়ার পর এই কার্যক্রম যেন থেমে না যায়। অতীতে এমন কাজ আমরা অনেক দেখেছি। সুষ্ঠুভাবে যেন কাজ সম্পাদন হয়, এ বিষয়ে প্রশাসনকে নির্দেশ দেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আমরা নারীদের হাতে যে ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করেছি, তাতে প্রতিটি পরিবারে নারীর ক্ষমতা বেড়ে যাবে। একইভাবে কৃষকদেরও কৃষক কার্ড দেওয়ার আমরা ব্যবস্থা করছি, যাতে কৃষকরা আর অবহেলায় পড়ে না থাকেন।

এ সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইসরাত ফারজানা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাকারিয়া মণ্ডলসহ আরও অনেকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.