Sylhet Today 24 PRINT

১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

সিলেটটুডে ডেস্ক |  ২৪ মার্চ, ২০২৬

রমজান মাসের ছুটি শেষে শ্রেণি কার্যক্রম শুরুর পর দশটি শনিবার বিদ্যালয় খোলা রাখার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

অধিদপ্তর বলছে, রমজান মাসজুড়ে বিদ্যালয় ছুটি ঘোষণা করায় শিক্ষার্থীদের যে ‘শিখন ঘাটতি’ হয়েছে, তা পূরণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (প্রাক-প্রাথমিক ও একীভূত শিক্ষা) মো. জয়নাল আবেদীনের সই করা এক আদেশে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে রমজান ও ঈদুল ফিতরের ছুটি শুরু হয় ৮ মার্চ থেকে। ছুটি শেষে আগামী ২৯ মার্চ পুনরায় শ্রেণি কার্যক্রম চালু হওয়ার কথা রয়েছে।

এই সময়ে শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে শ্রেণি কার্যক্রম শুরুর পরবর্তী ১০টি শনিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ক্লাস চালাতে বলা হয়েছে চিঠিতে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান বলেন, "নির্ধারিত পাঠপরিকল্পনা পূরণের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.