Sylhet Today 24 PRINT

নদীতে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ১৫

সিলেটটুডে ডেস্ক |  ২৬ মার্চ, ২০২৬

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে বাস তলিয়ে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনের লাশ উদ্ধার হয়েছে।

বুধবার রাত সোয়া ১২টার দিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা মো. শাহজাহান শিকদার লাশ উদ্ধারের সবশেষ তথ্য জানান।

কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের বাসটি দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার অপেক্ষায় ছিল। বুধবার বিকাল সোয়া ৫টার দিকে পন্টুন থেকে বাসটি নদীতে পড়ে তলিয়ে যায়।

এরপর রাত সাড়ে ৮টার দিকে রাজবাড়ী জেলা সিভিল সার্জন এস এম মাসুদ দুই নারীর লাশ উদ্ধারের তথ্য জানিয়েছিলেন। তাদের মরদেহ গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-ঠিকানা জানাতে পারেননি সিভিল সার্জন।

এর বাইরে রাত সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এক বার্তায় আরো দুই নারীর লাশ উদ্ধারের তথ্য দেয়।

এরপর মধ্যরাতে ফায়ার সার্ভিস ১৩ জনের লাশ পাওয়ার তথ্য দেয়। এর মধ্যে পুরুষ চারজন, নারী ছয়জন ও শিশু তিনজন।

বাসটি নদীর ৭০ থেকে ৮০ ফুট গভীরে তলিয়ে গিয়েছিল জানিয়ে ফায়ার সার্ভিসের ফরিদপুর স্টেশনের সহকারী পরিচালক মো. বেলাল উদ্দিন বলেন, “হামজার মাধ্যমে বাসটিকে তুলে আনার চেষ্টা করা হচ্ছে। বৃষ্টি, বজ্রপাত আর নদীর ঢেউয়ের কারণে উদ্ধারকাজ কিছুটা ব্যাহত হয়েছে। আশা করি, দ্রুতই বাসটিকে উদ্ধার করা যাবে।”

বুধবার রাত সোয়া ১১টার দিকে বাসটির সামনে অংশ নদীর উপরে উঠে আসে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.