Sylhet Today 24 PRINT

স্পিকার পত্নী-সুনামগঞ্জের শিক্ষাবিদ দিলারা হাফিজ আর নেই

সিলেটটুডে ডেস্ক |  ২৮ মার্চ, ২০২৬

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ দিলারা হাফিজ আর নেই। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী ছিলেন দিলারা হাফিজ ।

বাসসের খবরে বলা হয়, দিলারা হাফিজ আজ স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।

দিলারা হাফিক সুনামগঞ্জে দিরাই উপজেলার মাটিয়াপুর গ্রামের সাবেক খাদ্যমন্ত্রী মেজর ইকবালের ছোট বোন।

পরিবার জানিয়েছে, দিলারা হাফিজের মরদেহ রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশে আনা হবে।

৩০ মার্চ বেলা ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বাদ জোহর ঢাকা ক্যান্টনমেন্ট সেন্ট্রাল জামে মসজিদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী সামরিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

দিলারা হাফিজ দুই ছেলে, এক মেয়ে, নাতিনাতনিসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মরহুমা দিলারা হাফিজ একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী ছিলেন। তাঁর মৃত্যুতে জাতি একজন সজ্জন শিক্ষাবিদকে হারালো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.