Sylhet Today 24 PRINT

যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে শ্রমিক পাঠানো বাধাগ্রস্ত হচ্ছে: সংসদে প্রবাসী কল্যাণমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ০৫ এপ্রিল, ২০২৬

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, ইরান এবং ইসরাইল-যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের কারণে সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি শ্রমবাজারে কর্মী পাঠানো বাধাগ্রস্ত হচ্ছে। রোববার সংসদের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে তিনি একথা বলেন।

এর আগে বিকাল সাড়ে ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

বিএনপি দলীয় সংসদ সদস্য (শরিয়তপুর-২) সফিকুর রহমানের (কিরন) প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিদেশে কর্মীর অভিবাসন প্রক্রিয়া সম্পাদন করা সরকারের একার পক্ষে সম্ভব নয়। এরই প্রেক্ষিতে বেসরকারি খাতকে উন্নয়নের মূল স্রোত ধারায় সম্পৃক্তকরণের অংশ হিসেবে বেসরকারি রিক্রটিং এজেন্সির অনকূলে লাইসেন্স দেওয়া হয়ে থাকে। দুবাইসহ এশিয়ার উন্নত দেশে শ্রমবাজার সম্প্রসারণ ও জনশক্তি রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে সরকারের পদক্ষেপগুলো মন্ত্রী এ সময়ে তুলে ধরেন।

জামায়তের সদস্য নীলফামারী-২ আসনের আল ফারুক আব্দুল লতীফের প্রশ্নের জবাবে মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, ২০২৫ সালে ১১ লাখ ৩২ হাজার ৫১৯ জন কর্মীর বৈদেশিক কর্মস্থান হয়েছে। এর মধ্যে ৬২ হাজার ৩৫২ জন নারী কর্মী রয়েছে।

জামায়াতের আরেক সদস্য কুষ্টিয়া-৩ আসনের আমির হামজার প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, বর্তমানে বিশ্বের ১৭৬টি দেশে দেড় কোটির বেশি বাংলাদেশি কর্মী কর্মরত রয়েছে। এ সকল বাংলাদেশীদের মর্যাদা, অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে বর্তমান সরকার অঙ্গীকাররাবদ্ধ। বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে প্রবাসীদের কল্যাণমূলক বিষয়টি চরমভাবে অবহেলিত ছিলো বলে মন্ত্রী দাবি করেন।

জামায়াতের সদস্য রাজশাহী-৪ আসনের আব্দুল বারী সরদারের প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, সৌদি আরবে নারী গৃহকর্মীদের নিরাপত্তায় দেশটির সঙ্গে চুক্তিতে নারী কর্মীর সাথে মোবাইল রাখার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যাতে কর্মী যেকোনো সময়েয় পরিবার, দূতাবাস, মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের তাৎক্ষণিকভাবে অবহিত করতে পারবে।

এনসিপির সদস্য কুমিল্লা-৪ আসনের আবুল হাসনাতের (হাসনাত আবদুল্লাহ) প্রশ্নের জবাবে আরিফুল হক চৌধুরী বলেন, বর্তমান সরকার আগের মত সীমিত সংখ্যক রিক্রুটিং এজেন্সির মাধ্যমে সিন্ডিকেট পদ্ধতিতে মালয়েশিয়া কর্মী পাঠাতে আগ্রহী নয়। সরকার স্বচ্ছতা, জবাবদিহিতা ও প্রতিযোগিতার মাধ্যমে যোগ্য সকল লাইসেন্সপ্রাপ্ত রিক্রুটিং এজেন্সির জন্য শ্রম বাজার উন্মুক্ত রাখতে সচেষ্ট রয়েছে। এ উদ্দেশ্যে বাংলাদেশ সরকার মালয়েশিয়া কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশ হাইকমিশন, মালয়েশিয়ার মাধ্যমে পত্র যোগাযোগ অব্যাহত রেখেছে।

বিএনপি দলীয় সদস্য নোয়াখালী-১ আসনের এ এম মাহবুব উদ্দিন খোকনের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, দেশের খাদ্যগুদামে বর্তমানে (৩০ মার্চ ২০২৬) ১৯ দশমিক ২০ মেট্রিক টন খাদ্যশস্য মজুদ রয়েছে। এর মধ্যে চাল ১৫ দশমিক ৭৯ মেট্রিক টন ও গম রয়েছে তিন দশমিক ৩৯ মেট্রিক টন।

মন্ত্রী বলেন, চলতি অর্থবছরে আন্তর্জাতিক দরপত্রে ৫ লাখ মেট্রিক টন ও জি-টু-জি পদ্ধতিতে যুক্তরাষ্ট্র হতে ৬ দশমিক ৬০ লাখ মেট্রিক টন গম আমদানি চুক্তির বিপরীতে ৫ দশমিক ৩৫ মেট্রিক টন পাওয়া গেছে। অবশিষ্ট এক দশমিক ৭৫ মেট্রিক টন নির্ধারিত সময়ে পাওয়া যাবে।

বগুড়া-৪ আসনের মো. মোশারফ হোসেন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল ‍মুক্তাদীর জানান, আন্তর্জাতিক বাজারের সাথে মিল রেখে চলতি পঞ্জিকা বছরে ভোজ্য তেলেনর মূল্য তিন বার সমন্বয় করা হয়েছে। বিগত পঞ্জিকা বছর অন্যান্য নিত্যপণ্যের দ্রব্যমূল্য মোটামুটি স্থিতিশীল ছিলো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.