Sylhet Today 24 PRINT

ধর্ম অবমাননার অভিযোগ: বাউলশিল্পী আবুল সরকারের জামিন

সিলেটটুডে ডেস্ক |  ০৬ এপ্রিল, ২০২৬

ধর্ম অবমাননা ও কটূক্তির অভিযোগের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা বাউলশিল্পী আবুল সরকার ছয় মাসের অন্তবর্তীকালীন জামিন পেয়েছেন।

জামিন চেয়ে আবুল সরকারের করা আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার রুলসহ অন্তবর্তীকালীন এ জামিন দেন।

আইনজীবী গাজী কামরুল ইসলাম সজল সোমবার বলেন, মামলায় ধর্ম অবনাননার অভিযোগ আনা হলেও এর উপাদান নেই। হাইকোর্ট রুল দিয়ে বাউলশিল্পী আবুল সরকারকে ছয় মাসের জামিন দিয়েছেন। অন্য কোনো মামলা না থাকলে আবুল সরকারের মুক্তিতে আইনি কোনো বাধা নেই।

ওই মামলায় নিম্ন আদালতে বিফল হয়ে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন আবুল সরকার। আবেদনটি আদালতের রোববারের কার্যতালিকায় ওঠে ও শুনানি হয়।

আদালতে জামিন আবেদনকারীর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী গাজী কামরুল ইসলাম সজল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি।

এর আগে মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় খালা পাগলীর মেলায় গত ৪ নভেম্বর পালাগানের আসরে বাউলশিল্পী আবুল সরকার ধর্ম অবমাননা ও আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। তাঁর মন্তব্যের ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা হয়।

এরপর মাদারীপুরে একটি গানের আসর থেকে গত ১৯ নভেম্বর রাতে আবুল সরকারকে আটক করে মানিকগঞ্জ ডিবি পুলিশের একটি দল। পরদিন সকালে তাঁকে জেলা ডিবির কার্যালয়ে আনা হয়। সেদিন ঘিওর বন্দর মসজিদের ইমাম মুফতি মো. আবদুল্লাহ বাদী হয়ে আবুল সরকারকে আসামি করে ঘিওর থানায় মামলা করেন। এতে ইসলাম ধর্মের বিশ্বাসের অবমাননা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের উদ্দেশ্যে কটূক্তি ও উসকানি দেওয়ার অভিযোগ করা হয়।

ওই মামলায় আবুল সরকারকে গ্রেপ্তার দেখিয়ে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে গত ২০ নভেম্বর কারাগারে পাঠানো হয়। এ মামলায় রোববার তিনি জামিন পান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.