Sylhet Today 24 PRINT

"তাহলে মির্জা ফখরুলই সরকারি এজেন্ট"

সরকারি এজেন্টদের পিকেটিংয়ে ইটের আঘাতে শিক্ষিকা নিহতের হয়েছেন -মির্জা ফখরুলের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে তোফায়েল আহমেদ বলেছেন, ‘তাহলে তো তিনিই সরকারি এজেন্ট। কারণ তার নির্দেশেই পিকেটিং হয়েছে।’

নিউজ ডেস্ক |  ৩১ ডিসেম্বর, ২০১৪

গত রোববারের হরতালে বিএনপির প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে অস্থায়ী মেলা সচিবালয়ে ২০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

তিনি বলেন, ‘গত দুই দিনে বিএনপির ভালো মতো প্রতিষ্ঠানিক শিক্ষা হযেছে। তারা জনগণকে বুঝতে পেরেছে। এখন আর হরতাল হয় না। আজকের হরতালেও আমি ট্রাফিক সিগনালে আটকে ছিলাম। এ জন্য আমার বিশ্বাস জানুয়ারি মাসে রাজনৈতিক অস্থিরতা হবে না।’

মির্জা ফখরুলকে উদ্দেশ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘তিনি বলেছিলেন সরকারি দলের এজেন্টদের পিকেটিংয়ে নোয়াখালীতে শিক্ষিকা মারা গেছেন। যদি তা-ই হয় তাহলে তো তিনিই সরকারি এজেন্ট। কারণ তার নির্দেশেই পিকেটাররা পিকেটিং করেছে।’

বাণিজ্যমেলার স্থান পরিবর্তনের চিন্তাভাবনা আছে কি না সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, ‘পদ্মার তীরে যে কোনো স্থানে আন্তর্জাতিক বাণিজ্যমেলার আয়োজন করা হবে। এই জন্য সেখানে ভালো জায়গা খোঁজা হচ্ছে। তবে কবে নাগাদ হবে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। আর আগামী তিন বছর পর পূর্বাচলে ৬০ বিঘা জমিতে বাণিজ্যমেলার আয়োজন করা হবে। সেখানে স্থায়ীভাবে বছরজুড়ে বিভিন্ন মেলা চলবে।’

মন্ত্রী জানান, পূর্বাচলে বাণিজ্যমেলা সম্পসারণ ও অবকাঠামোগতগত উন্নয়নের জন্য চীন ২৭০ কোটি টাকা দেবে।

বাণিজ্যমেলায় খাবারের দাম বেশি রাখার ব্যাপারে এবার কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে কি না জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘খাবারের দাম নির্ধারণ করে দেয়া হয়েছে। কেউ অতিরিক্ত দাম নিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

নিম্নমানের পণ্য প্রদর্শন ঠেকাতে এবার ভ্রাম্যমাণ আদালত থাকবে বলে জানান মেলার ভাইস চেয়ারম্যান শুভাশিষ বসু।

সংবাদ সম্মেলনে বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হেদায়েত উল্লাহ আলমামুনও উপস্থিত ছিলেন।

তথ্যসূত্রঃ বাংলামেইল

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.