Sylhet Today 24 PRINT

কুমিরের মুখে কুকুর: ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেলো

সিলেটটুডে ডেস্ক |  ১২ এপ্রিল, ২০২৬

বাগেরহাটে খান জাহান আলী মাজারের দিঘিতে একটি কুকুরকে কুমির ধরে নিয়ে ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।

অনেকের দাবি, কুকুরটিকে হাত-পা বেঁধে কুমিরের সামনে ফেলা হয়েছে। মূল ভিডিওর বাইরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) দিয়ে তৈরি কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে।

মাজারের খাদেমরা বলছেন, ঘটনাটি গত বুধবারের। দিঘির ঘাটের কাছে একটি অসুস্থ কুকুর শিশু ও নারীসহ কয়েকজনকে কামড় দেয়। তখন কয়েকজন কুকুরটিকে তাড়া দেয়। কুকুরটি তখন মূল ঘাটের দিকে যায়। সেখানে মাজারের নিরাপত্তা প্রহরী ফোরকানকে কামড় দেয়। তিনি পা ঝাড়া দিলে কুকুরটি ঘাটে পড়ে যায়। সিঁড়ি পিচ্ছিল হওয়ায় কুকুরটি উপরে উঠতে পারেনি। একপর্যায়ে কুমির এসে কুকুরটিকে কামড়ে পানির নিচে নিয়ে যায়। এই মুহূর্তেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।

ওই ভিডিওতে দেখা যায়, কুকুরটি ঘাট থেকে ওঠার চেষ্টা করে, কিন্তু উঠতে পারছিল না।

মাজার ঘাটের পাশের দোকানি বিনা আক্তার বলেন, কুকুরটি আমার দোকানের সামনেও কয়েকজনকে কামড় দেয়। পরে ঘাটে ফোরকানের পায়ে কামড় দিলে ফোরকান পা ঝাড়া দিলে কুকুরটি ঘাটে পড়ে যায়। এ সময় ঘাটে কুমির থাকায় কেউ সাহস করে আর কুকুরটিকে তুলতে পারেনি।

মাজারের নিরাপত্তা প্রহরী মো. ফোরকান হাওলাদার বলেন, ঘাটে কুমির অবস্থান করছিল। এ সময় দর্শনার্থীরা কুমিরটি দেখছিল। আমি ঘাটেই দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ একটা পাগলা কুকুর এসে আমার পায়ে কামড় দেয়। পা ঝাড়া দিলে কুকুরটি পানিতে পড়ে যায়। পরে কুমির এসে কুকুরটিকে ধরে পানির নিচে নিয়ে যায়। আধা ঘণ্টা পর কুকুরটি অন্য ঘাটে ভেসে উঠলে উদ্ধার করে মাটিচাপা দেওয়া হয়।

মাজারের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। তবে সামাজিকমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। এটা খুবই দুঃখজনক। সকলকে সঠিকভাবে ঘটনাটি উপস্থাপন করার দাবি জানান তিনি।

তদন্ত কমিটি গঠন

এই ঘটনায় বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিয়া খাতুনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি করেছে জেলা প্রশাসন। কমিটির অন্য দুই সদস্য হলেন, বাগেরহাট সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

তদন্ত কমিটি এরইমধ্যে কাজ শুরু করেছে। শনিবার বিকেলে মাজার এলাকায় কুকুরটির ময়নাতদন্ত হয়েছে। জেলা প্রাণি সম্পদ বিভাগের তত্ত্বাবধায়নে ময়নাতদন্ত হয়। কুকুরটির মাথা ঢাকায় সেন্ট্রাল ডিজিজ ইনভেস্টিগেশন ল্যাবরেটরিতে (সিডিআইএল) পাঠানো হয়েছে। সেখান থেকে রিপোর্ট পেলে কুকুরটি অসুস্থ ছিল কিনা বা জলাতঙ্ক রোগে আক্রান্ত ছিল কিনা তা জানা যাবে বলে জানিয়েছেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোহাম্মদ ছাহেব আলী।

বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, মাজারের ঘাটে একটি কুকুরকে সেখানকার কুমির টেনে পানিতে নিয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি নজরে আসায় আমরা তদন্ত কমিটি গঠন করেছি। তদন্তে আসল ঘটনা উঠে আসবে।

বিষয়টি নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর পেজ থেকে শনিবার একটি পোস্ট দেওয়া হয়েছে। সেখানে উল্লেখ করা হয়, ‘বাগেরহাটের ঘটনাটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দ্বায়িত্বশীল প্রতিমন্ত্রী হিসেবে নয় বরং মানুষ হিসেবে ঘটনাটি আমাকে ব্যথিত করেছে। আমি বাগেরহাটের প্রশাসনের সংশ্লিষ্ট সকলকে এই অমানবিক ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিকে শাস্তির আওতায় আনা হোক এবং এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেজন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি।’

খানজাহান আলী (রহ) এর মাজার সংলগ্ন দিঘিতে খানজাহান প্রথম কুমির ছাড়েন। সেই কুমিরের বংশধর দীর্ঘদিন ধরে মাজারে থাকলেও বর্তমানে আগের কোনো কুমির নেই। ২০০৫ সালে ভারতের মাদ্রাজ থেকে আনা ৫টি কুমিরের একটি এখন দীঘিতে আছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.