Sylhet Today 24 PRINT

দেশে এলো বাহরাইনে মারা যাওয়া সিলেটের গিরিশের মরদেহ, গ্রহণ করলেন বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |  ১৫ এপ্রিল, ২০২৬

বাহরাইনে নিহত সিলেটের প্রবাসী গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে ফিরেছে। বুধবার (১৫ এপ্রিল) সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে সকাল সাড়ে ৮টায় মরদেহটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

মরদেহ গ্রহণের সময় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত ছিলেন। পরে মরদেহটি নিহতের ছোট ভাই সমর চন্দ্র সূত্রধরের কাছে হস্তান্তর করা হয়।

বিমানবন্দরে এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, গিরিশ চন্দ্র সূত্রধর সিলেট জেলার সদর উপজেলার পূর্ব মাছপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। জীবিকার তাগিদে তিনি কয়েক বছর আগে বাহরাইনে যান। সেখানেই কর্মরত অবস্থায় তার মৃত্যু হয়।

মরদেহ হস্তান্তর অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, প্রবাসে কর্মরত বাংলাদেশিদের কল্যাণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তিনি জানান, তাৎক্ষণিক সহায়তা হিসেবে সরকারের পক্ষ থেকে ৩৫ হাজার টাকা দেওয়া হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় ওয়ারিশ সনদ পাওয়ার পর নিহতের পরিবারকে আরও ৩ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে।

তিনি বিদেশগামী কর্মীদের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর মাধ্যমে নিবন্ধন করে বিদেশে যাওয়ার আহ্বান জানান, যাতে তারা সরকারি তালিকাভুক্ত থাকেন এবং প্রয়োজনে দ্রুত সহায়তা পান।

মন্ত্রী নিহত গিরিশ চন্দ্র সূত্রধরের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.