Sylhet Today 24 PRINT

ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাইমুম এক কোটি টাকা ঘুস চেয়েছিলেন

প্রমাণ পেয়েছে প্রসিকিউশনের ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি

সিলেটটুডে ডেস্ক |  ২২ এপ্রিল, ২০২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর সাইমুম রেজার বিরুদ্ধে চট্টগ্রামের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীর পরিবারের কাছে ১ কোটি টাকা ঘুস চাওয়ার বিষয়ে প্রমাণ পেয়েছে প্রসিকিউশনের ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ও ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির প্রধান অ্যাডভোকেট আমিনুল ইসলাম।

আমিনুল ইসলাম বলেন, ‘আমাদের একজন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার। যিনি ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার এক আসামি ফজলে করিম চৌধুরীকে খালাস করিয়ে দেওয়ার আশ্বাসে তার স্ত্রীর কাছে এক কোটি টাকা ঘুস চান। তার সেই ঘুস চাওয়ার অডিওটি মিডিয়ার মাধ্যমে ফাঁস হওয়ার পর আমরা একটা ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করে তদন্ত শুরু করি। ইতোমধ্যে সেই অডিও রেকর্ডের সত্যতা পেয়েছি। এখানে তাদের দুইজনেরই কথা আছে।’

তিনি আরও বলেন, ‘কথোপকথনের সত্যতা পেলেও এর বাহিরে তাদের কোনো লেনদেন হয়েছে কি না, সেই বিষয়টি এখনো খতিয়ে দেখছি। এর আগে এই বিষয়টা যখন আমাদের সামনে আসে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করি এবং এরপরই তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন। পদত্যাগ করলেও এ বিষয়টি আমরা তদন্ত করে যাচ্ছি। খুব দ্রুতই আমরা তদন্ত রিপোর্টটি প্রকাশ করব এবং আসল সত্যটা তুলে ধরব।’

জানা যায়, জুলাই আন্দোলনের সময় চট্টগ্রামে কলেজছাত্র ওয়াসিম আকরাম হত্যা মামলা থেকে সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীকে জামিন করিয়ে দেয়ার জন্য এক কোটি টাকা ঘুস দাবির অভিযোগ উঠেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে। এ অভিযোগ ওঠার পর ওই প্রসিকিউটর ১০ মার্চ পদত্যাগ করেন। এদিনই তাকে অব্যাহতি দেয় আইন মন্ত্রণালয়। ২০২৪ সালের ৭ অক্টোবর তাকে প্রসিকিউটর পদে নিয়োগ দেয়া হয়েছিল।

সাইমুম রেজার পদত্যাগের ঘণ্টা কয়েক পর ‘ঘুস দাবির’ অভিযোগের দুটি অডিও ফাঁস হয়। ওই দুটি অডিওতে সাইমুম রেজাকে চট্টগ্রাম-৬ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সাবেক এমপি এ বি এম ফজলে করিম চৌধুরীর পরিবারের এক আইনজীবীর সঙ্গে ‘ঘুস দাবির’ দরকষাকষির কথোপকথনে শোনা যায়।

এই অডিও ফাঁসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগ।

ফাঁস হওয়া অডিও ক্লিপগুলোতে আর্থিক লেনদেনের পাশাপাশি ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের অভ্যন্তরীণ প্রক্রিয়া এবং রাজনৈতিক তদবিরের বিষয়ে কথা বলতে শোনা যায়।

গণমাধ্যমের কাছে আসা সেই অডিওতে সাইমুম রেজা তালুকদারকে সরাসরি ‘এক কোটি টাকা’ প্রত্যাশার কথা বলতে শোনা যায়। অডিও এর কথোপকথনে ‘কিস্তিতে টাকা পরিশোধের’ কথা শোনা যায়।

সাবেক সংসদ সদস্য ফজলে করিমকে ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় গ্রেপ্তার করে পুলিশ।

প্রসিকিউশনের তথ্যমতে, জুলাই আন্দোলনের সময় চট্টগ্রামে ওয়াসিমসহ ৯ জন নিহত এবং ৪৫৯ জন আহত হওয়ার ঘটনায় সাবেক ওই এমপির সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। ওই এমপি বর্তমানে এই হত্যা মামলায় কারাগারে রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.