সিলেটটুডে ডেস্ক | ২৩ এপ্রিল, ২০২৬
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু বক্তব্যে ‘মহামান্য’ সম্বোধন করায় তা করতে বারণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে মো. শওকতুল ইসলাম শকুর প্রধানমন্ত্রীকে ‘মহামান্য’ সম্বোধন করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘মাননীয় সংসদ সদস্যকে একটি অনুরোধ করতে চাইব–আপনি আমাকে যখন অ্যাড্রেস করেছেন, আপনি মহামান্য শব্দটি মনে হয় ব্যবহার করেছেন। দয়া করে আমাকে এর পরে অ্যাড্রেস করার সময় কখনও এই কথাটি আর বলবেন না।’ প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর সংসদ সদস্যরা টেবিল চাপড়িয়ে তাকে স্বাগত জানান।
এর আগে মৌলভীবাজার-২ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম শকু তার প্রশ্ন করার শুরুতে বলেন, ‘মাননীয় স্পিকার আই’ম ভেরি সরি। আমার গলার অবস্থা ভালো নয়। তারপরও আমি বলছি। আমি মহামান্য প্রধানমন্ত্রীকে নিজে এই প্রশ্ন করতে পারায় নিজেকে ধন্য মনে করছি।’ তিনি জনস্বাস্থ্য নিয়ে সরকারের উদ্যোগ সম্পর্কে জানতে চান।
উল্লেখ্য, রাষ্ট্রের ওয়ারেন্ট অব প্রিসিডেন্স বা পদমর্যাদাক্রম অনুযায়ী রাষ্ট্রপতির পরে প্রধানমন্ত্রীর স্থান। রাষ্ট্রপতিকে ‘মহামান্য’ সম্বোধন করা হচ্ছে সংসদীয় রীতি ও রাষ্ট্রাচার। অন্যদিকে প্রধানমন্ত্রীসহ অন্যদের ‘মাননীয়’ সম্বোধন করা হয়।