Sylhet Today 24 PRINT

মীর কাসেমের খালাস চেয়ে যুক্তি উপস্থাপন

সিলেটটুডে ডেস্ক |  ১৬ ফেব্রুয়ারী, ২০১৬

জামায়াতের কর্মপরিষদ সদস্য মীর কাসেম আলীকে ফাঁসি থেকে খালাস চেয়ে আদালতে যুক্তি উপস্থাপন করেছেন তার আইনজীবী এসএম শাহজাহান। 

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে চুতর্থ দিনের মতো এ শুনানি শেষে আদালত ফের বুধবার পর্যন্ত শুনানি মুলতবি রাখে। 

প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চে মীর কাসেম আলীর পক্ষে এ যুক্তি উপস্থাপন করা হয়।

বেঞ্চের অন্য সদস্যরা হলেন, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান।

পরে আদালত থেকে বেরিয়ে মীর কাসেমের আইনজীবী এসএম শাহজাহান বলেন, ‘আমরা এ পর্যন্ত চারদিন আপিলে মীর কাসেমের পক্ষে আদালতে যুক্তি উপস্থাপন করেছি । আশা করছি মীর কাসেম আলী এ মামলা থেকে খালাস পাবেন।’

এ মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। 

মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৪ সালের ২ নভেম্বর মীর কাসেম আলীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এ রায়ের বিরুদ্ধে ওই বছরের ৩০ নভেম্বর মীর কাসেম আলী আপিল করেন।

মীর কাসেম তার দেড়শ’ পৃষ্ঠার মূল আপিলসহ ১ হাজার ৭৫০ পৃষ্ঠার আপিলে মোট ১৬৮টি কারণ দেখিয়ে ফাঁসির আদেশ বাতিল করে খালাস চেয়েছেন। 

মীর কাসেম আলীর মামলাটির মাধ্যমে সর্বোচ্চ আদালতে শুনানি করা হবে ৭ম আপিল মামলার। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.