Sylhet Today 24 PRINT

সিলেট থেকে পুনরায় ফ্লাইট চালুর পরিকল্পনা করছে ফ্লাই দুবাই

সিলেটটুডে ডেস্ক |  ২৯ এপ্রিল, ২০২৬

ফ্লাই দুবাই এয়ারলাইন্স পুনরায় সিলেট থেকে ফ্লাইট চালুর পরিকল্পনা করছে। এমনটি জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।

বুধবার (২৯ এপ্রিল) সকালে সংসদ অধিবেশনের ২৪তম দিনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। এদিন প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী প্রশ্ন রেখে বলেন, সিলেট-৬ আসনের অধিকাংশ মানুষ বিদেশে ও দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন। সিলেটবাসীর আকাশপথে যাতায়াতের জন্য একমাত্র সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থাকলেও সেখানে বাংলাদেশ বিমান ছাড়া অন্য কোনো দেশের বিমান নিয়মিত ওঠানামা করছে না। তাই রেমিট্যান্স যোদ্ধা ও বিদেশি পর্যটকদের হয়রানি কমানো এবং রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দেশের এয়ারলাইন্সের ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হবে কিনা—তা জানতে চান তিনি।

জবাবে মন্ত্রী আফরোজা খানম বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বর্তমানে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডন, দুবাই, আবুধাবি, মাসকট, জেদ্দা, শারজাহ ও দোহা রুটে সপ্তাহে মোট ২৩টি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছে। বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছাড়া অন্য কোনো এয়ারলাইন্স সিলেট থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছে না।

তিনি আরও জানান, অতীতে ফ্লাই দুবাই এয়ারলাইন্স ২০১৭ সালের মার্চ থেকে ২০১৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত সিলেট-দুবাই রুটে ফ্লাইট পরিচালনা করেছিল। পরবর্তীতে তারা বাংলাদেশ থেকে তাদের কার্যক্রম বন্ধ করে দেয়। তবে বর্তমানে তারা পুণরায় সিলেট থেকে ফ্লাইট চালুর পরিকল্পনা করছে।

মন্ত্রী বলেন, এয়ারলাইন্সগুলো তাদের বাণিজ্যিক স্বার্থ বিবেচনায় কোনো রুটে ফ্লাইট চালু রাখা বা বন্ধ করার সিদ্ধান্ত নিয়ে থাকে। বাংলাদেশ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বাংলাদেশে ফ্লাইট পরিচালনায় আগ্রহী সব এয়ারলাইন্সকে প্রয়োজনীয় নীতিগত সহায়তা দিয়ে থাকে।

তিনি আরও উল্লেখ করেন, সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী ও কার্গো পরিবহনের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রায় সব ধরনের সুযোগ-সুবিধা বিদ্যমান রয়েছে। ফলে সিলেট থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় বিদেশি এয়ারলাইন্সগুলোর জন্য কোনো প্রতিবন্ধকতা নেই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.