Sylhet Today 24 PRINT

গ্রেপ্তার থাকা সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া ভুল পদক্ষেপ: জাহেদ উর রহমান

সিলেটটুডে ডেস্ক |  ০৫ মে, ২০২৬

জুলাই হত্যা মামলার অভিযোগে কারাগারে থাকা সাংবাদিকদের বিরুদ্ধে সুনির্দিষ্ট হত্যা মামলা দেওয়া বা তাদের গ্রেপ্তার করা ভুল পদক্ষেপ— বলে মনে করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

তবে জুলাই সংক্রান্ত ঘটনায় বর্তমানে গ্রেপ্তার থাকা কোনো কোনো সাংবাদিক হত্যা মামলার চেয়েও বড় অর্থাৎ মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী বলে মনে করেন তিনি। বন্দি থাকা কোনো সাংবাদিকের নাম তিনি উল্লেখ করেননি।

মঙ্গলবার সচিবালয়ের তথ্য অধিদপ্তরে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে জবাবে এমন মত দেন প্রতিমন্ত্রীর মর্যাদায় থাকা এই উপদেষ্টা।

এ সময় উপদেষ্টা জাহেদ উর রহমান বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের পক্ষ থেকে নেওয়া সাম্প্রতিক উদ্যোগের কথা তুলে ধরেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।

জাহেদ উর রহমান বলেন, ‘(সাংবাদিকদের) যারা বন্দি আছেন, তারা গণহত্যার মামলায় বন্দি নেই। সুনির্দিষ্ট কয়েকটি হত্যা মামলায় বন্দি আছেন। তবে আমি মনে করি উনাদের গণহত্যার দায় খানিকটা দেওয়া যায়, আসলে কথাটা গণহত্যাও নয়, মানবতাবিরোধী হত্যার দায়, জুলাইয়ে কোনো গণহত্যা হয়নি, কিন্তু মানবতাবিরোধী হত্যাকাণ্ড হয়েছে, যা শেখ হাসিনা অনেক আগে থেকে করে এসেছেন।’

উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘গুম, আগে থেকে হয়েছে, এটি সিস্টেম্যাটিক অপরাধ, মানবতাবিরোধী অপরাধ, আর জুলাইয়ে তো (হত্যাকাণ্ড) হয়েছেই।’

‘যাদের যাদের বিরুদ্ধে এ ধরনের (হত্যা) মামলা দেওয়া হয়েছে, তাদের কারো কারো অপরাধ হত্যা মামলার চেয়েও বেশি। কিন্তু প্রশ্ন হলো মানবতাবিরোধী অপরাধের দায়ভার তাদের আছে কি না?’— উল্লেখ করে এটি তার ব্যক্তিগত অবস্থান বলে জানান তথ্য উপদেষ্টা।

উপদেষ্টা জাহেদ এ সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের উদাহরণ দিয়ে বলেন, নুরেমবার্গ ট্রায়াল বা টোকিও ট্রায়াল যখন হচ্ছিল, ‘তখন সেসব হত্যাকাণ্ড সংঘটনের ক্ষেত্রে যারা কোনো না কোনো ফর্মে ন্যারেটিভ তৈরি করেছিল, তাদেরও কিন্তু বিচারের আওতায় আনা হয়েছিল।’

এ কারণে আমি তথ্য উপদেষ্টার দায়িত্বে আসার আগে বা গত সংসদ নির্বাচনের আগে আমিই বলেছি, ‘তাদের যে মামলাগুলোতে তাদের গ্রেপ্তার করা হয়েছে সেটা ভুল।’

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘একই ধরনের মামলায় (সাংবাদিকদের) যারা এখনো গ্রেপ্তার হননি, তাদের বিষয়েও সরকার যথাযথ পদক্ষেপ নেবে।’

বিষয়টি নোয়াবের নেতারা সরকার প্রধানের সঙ্গে আলোচনায় তুলেছিলেন, প্রধানমন্ত্রী এ বিষয়ে চেষ্টা করবেন বলে আশ্বস্ত করেছেন বলেও জানান জাহেদ উর রহমান। তিনি এসময় আরও বলেন, ‘এটি বিচারিক প্রক্রিয়া, এখানে সরকার চাইলেই কোনো কিছু করে ফেলতে পারে না। বিচার বিভাগের সঙ্গে কোলাবোরেট করে সরকারের পক্ষ থেকে যতটা সম্ভব, সরকার নিশ্চয়ই করবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.