সিলেটটুডে ডেস্ক | ১০ মে, ২০২৬
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে প্রথম ধাপে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়র পদে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এরমধ্যে সিলেট বিভাগের একটি পৌরসভার ও ৮টি উপজেলায় প্রার্থীদের নাম ঘোষণা করেছে দলটি।
রবিবার কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিং করে তাদের নাম ঘোষণা করে এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি। এ সময় কমিটির চেয়ারম্যান সারজিস আলমসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সরকারকে দ্রুত সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের সময়রেখা প্রকাশ করার আহ্বান জানান।
সারজিস আলম বলেন, প্রথম ধাপে ১৩টি সিটি করপোরেশনের মধ্যে পাঁচটির প্রার্থী ঘোষণা করা হয়েছে। খুব শিগগিরই বাকি সিটি করপোরেশনগুলোর প্রার্থীও ঘোষণা করা হবে। বর্তমানে দেশে ৫০০ উপজেলা ও ৩৩০ পৌরসভাসহ মোট ৮৩০টি ইউনিট রয়েছে। প্রথম ধাপে প্রার্থী হতে এক হাজারের বেশি আবেদন জমা পড়েছিল। যাচাই-বাছাই শেষে প্রাথমিকভাবে ১০০ জনের নাম ঘোষণা করা হয়েছে।
আওয়ামী লীগ-বিএনপি থেকে এনসিপিতে আসা নেতাকর্মীদের প্রার্থী করা হয়েছে কি না, করলে সেই সংখ্যাটা কত? সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে সারজিস আলম বলেন, পূর্বে বিএনপি-জামায়াত করেছে এমন নেতা আছে, আবার কেউ কখনো রাজনীতি করেনি, তারাও স্থান পেয়েছে। কিংবা ধরেন আজ থেকে পাঁচ-সাত বছর আগে আওয়ামী লীগের রাজনীতি করত, পরে অতিষ্ঠ হয়ে আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল সেরকম কিছু মানুষ যারা পরবর্তীতে জুলাইয়ের পক্ষে ছিল তারা মনে করে আওয়ামী লীগ একটা স্বৈরাচার ছিল—এরকম কিছু পদপ্রার্থীরাও এখানে এসেছে।
তিনি বলেন, সামগ্রিকভাবে সব রাজনৈতিক দল থেকে যাচাই-বাছাই করে যাদেরকে আমাদের মনে হয়েছে সবচেয়ে গ্রহণযোগ্য, আমরা তাদের প্রার্থী করেছি।
জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট প্রসঙ্গে সারজিস আলম বলেন, স্থানীয় নির্বাচনে এনসিপি এককভাবে প্রস্তুতি নিচ্ছে। কারণ সব উপজেলায় ১১ দল মিলে একজন প্রার্থী সিলেক্ট করা কষ্টকর। আমরা এখন পর্যন্ত এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। এরপরও যদি জোট হয় তাহলে সেটি সেসময় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
সিলেটে এনসিপির প্রার্থী হলেন যারা
সিলেট বিভাগের একটি পৌরসভার ও ৮টি উপজেলার প্রার্থীদের নাম প্রকাশ করা হয়েছে। এরমধ্যে হবিগঞ্জ সদর পৌরসভায় মাহবুল বারি চৌধুরী মুহিব, আজমিরীগঞ্জ উপজেলায়- কামাল আহমেদ, রাজনগর উপজেলায়- খালেদ হাসান, কুলাউড়া উপজেলায়- আবু রুকিয়ান, কোম্পানীগঞ্জ উপজেলায়- উবায়দ আহমদ, কানাইঘাট উপজেলায়- বুরহান উদ্দিন ইউসুফ, ওসমানীনগর উপজেলায়- হাজি মোহাম্মদ মোশাহিদ আলী, জৈন্তাপুর উপজেলায়- মো. জাকারিয়া (লোদেন), ও গোয়াইনঘাট উপজেলায়- মনসুরুল হাসান নগরী।