Sylhet Today 24 PRINT

ব্রাহ্মণবাড়িয়ায় ‘ডাকাত দলের’ হামলার শিকার র‍্যাব

সিলেটটুডে ডেস্ক |  ১১ মে, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে র‍্যাব সদস্যদের ওপর হামলা ও মারধর এবং প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে।

সোমবার (১১ মে) বিকেলের দিকে উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া বলিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। সন্ধ্যার পর অবরুদ্ধ র‍্যাব সদস্যদের উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

র‍্যাব-৯ সিপিসি-১-এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের অধিনায়ক মোহাম্মদ নুরুন্নবী ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, র‍্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

র‍্যাব সূত্র জানায়, বাঞ্ছারামপুর উপজেলার দুর্গারামপুর সেতুর পূর্ব পাশে একটি অভিযানে যাওয়ার পথে র‍্যাব-৯ সিপিসি-১-এর চার সদস্য সংক্ষেপ হিসেবে খাগাতুয়া-মাজিয়ারা সড়ক ব্যবহার করছিলেন। পথিমধ্যে ডাকাত সফিক ও তার সহযোগীরা তাদের গতি রোধ করেন।

এ সময় র‍্যাব সদস্যরা নিজেদের পরিচয় দিলেও তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। হামলার মুখে সার্জেন্ট ফারুক ঘটনাস্থল থেকে সরে যেতে সক্ষম হলেও হাবিলদার (বিজিবি) এ কে এম রাশেদ মোশারফ, কনস্টেবল (পুলিশ) মো. কাজল মিয়া ও মো. আব্দুল মালেক ডাকাতদের হাতে আটক হন।

অভিযোগ রয়েছে, আটক তিন সদস্যকে বেধড়ক মারধর করে একটি বাড়িতে প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়। খবর পেয়ে র‍্যাব-৯ সিপিসি-১-এর সদস্যরা ঘটনাস্থল ঘিরে ফেলেন এবং অভিযান চালিয়ে তাদের উদ্ধার করেন।

উদ্ধার হওয়া সদস্যদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.