Sylhet Today 24 PRINT

বাংলাদেশ থেকে ৬ হাজার ট্যাক্সিচালক নেবে দুবাই, প্রবাসীকল্যান মন্ত্রীর সাথে বৈঠক

সিলেটটুডে ডেস্ক |  ১৭ মে, ২০২৬

বাংলাদেশ থেকে চলতি বছরে নতুন করে ছয় হাজার দক্ষ চালক নিয়োগ দেবে দুবাই ট্যাক্সি কোম্পানি। এর অংশ হিসেবে আগামীকাল সোমবার থেকে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে চালক নিয়োগের সাক্ষাৎকার শুরু হবে।

রোববার (১৭ মে) রাজধানীতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে এ তথ্য জানানো হয়।

এ সময় মন্ত্রী প্রতিনিধিদলকে বাংলাদেশ থেকে দক্ষ চালক নিয়োগের জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। তিনি বলেন, পুরো প্রক্রিয়ায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

দুবাই যাওয়ার পর প্রশিক্ষণকালীন সময়ে কর্মীদের বেতন-ভাতা দেওয়ার ব্যবস্থা করতে কোম্পানিটির প্রতি আহ্বান জানান মন্ত্রী। একই সঙ্গে বাংলাদেশ থেকে চিকিৎসক, নার্সসহ অন্যান্য পেশাজীবী কর্মী নিয়োগেরও অনুরোধ করেন।

সাক্ষাৎকারে দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধিরা জানান, বর্তমানে বিশ্বের ২৭টি দেশ থেকে প্রায় ১৫ হাজার কর্মী তাঁদের কোম্পানিতে ট্যাক্সি ও লিমুজিন ড্রাইভার হিসেবে কর্মরত আছেন, যার মধ্যে প্রায় ৮ হাজারই বাংলাদেশি। বাংলাদেশি কর্মীরা অত্যন্ত পরিশ্রমী হওয়ায় তাঁদের অগ্রাধিকার দিয়ে নিয়োগ দেওয়া হয়। এমনকি দুবাই বিমানবন্দরে বাংলাদেশি নারীরাও সফলতার সঙ্গে ড্রাইভিং পেশায় নিয়োজিত আছেন বলে তাঁরা উল্লেখ করেন।

প্রতিনিধিদলটি আরও জানায়, সোমবার থেকে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য বাংলাদেশি ড্রাইভারদের যাচাই-বাছাই কার্যক্রম শুরু হবে এবং এই দফায় নতুন করে আরও ১ হাজার ৫০০ চালকসহ এ বছর ৬ হাজার চালক নিয়োগ দিতে তারা আগ্রহী।

অনুষ্ঠানে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, বাংলাদেশ থেকে একজন ড্রাইভারের দুবাইয়ে যেতে বর্তমানে অনেক টাকা খরচ হয়। এই কর্মীরা অত্যন্ত দরিদ্র ও খেটে খাওয়া মানুষ, যাঁরা অনেক কষ্ট করে বা ঋণ নিয়ে এই অর্থ সংস্থান করেন। তাই তাঁদের আর্থিক সামর্থ্যের কথা বিবেচনা করে এই অভিবাসন খরচ কমিয়ে এক লাখ টাকার মধ্যে রাখার জন্য তিনি বিশেষভাবে অনুরোধ জানান।

এ সময় সংযুক্ত আরব আমিরাতের এই কোম্পানিতে কর্মী পাঠানোর একমাত্র অনুমোদিত রিক্রুটিং এজেন্সি ‘আল আনাস ওভারসিজ’-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁরা জানান, ড্রাইভার ছাড়াও বাংলাদেশ থেকে ক্লিনার, টেকনিশিয়ান ও মেকানিক হিসেবে কর্মী নেওয়ার ব্যাপারে তাঁদের আগ্রহ রয়েছে। এই লক্ষ্য বাস্তবায়নে তাঁরা প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সৌজন্য সাক্ষাৎকালে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, দুবাই ট্যাক্সি কোম্পানির ঊর্ধ্বতন প্রতিনিধিদলসহ মন্ত্রণালয়ের অন্যান্য শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.