Sylhet Today 24 PRINT

ঈদে পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা নিয়ে নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক |  ২৬ মে, ২০২৬

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে বিদ্যুৎ বিভাগ। তবে ঈদের পর থেকে ব্যবসা প্রতিষ্ঠান খোলা নিয়ে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদকে সামনে রেখে নির্ধারিত নির্দেশনা অনুযায়ী ব্যবসাপ্রতিষ্ঠান ও শপিংমল রাত ১০টা পর্যন্ত চালু রাখা যাবে। তবে ঈদের পর বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে আগের নিয়মে ফিরে গিয়ে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধ রাখতে হবে।

এছাড়া ঈদকালীন সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগের অধীন সব দফতর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিজ নিজ এলাকায় বিদ্যুৎ পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।

ঈদের ছুটিতে কর্মকর্তারা যেখানে অবস্থান করবেন, সেখানকার বিদ্যুৎ পরিস্থিতি সরেজমিনে তদারকি করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার পাশাপাশি প্রতিবেদন সচিবের কাছে পাঠাতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রক্ষণাবেক্ষণ বা আকস্মিক বিদ্যুৎ বিভ্রাটের সময় গ্রাহকদের ভোগান্তি কমাতে স্থানীয় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র থেকে মাইকিং ও সামাজিক যোগাযোগমাধ্যমে আগাম তথ্য জানাতে হবে। একই সঙ্গে স্থানীয় মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাধ্যমেও গ্রাহকদের অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিদ্যুৎ বিভাগ আশা প্রকাশ করেছে, সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টায় ঈদের সময় দেশজুড়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ও স্থিতিশীল রাখা সম্ভব হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.