সিলেটটুডে ডেস্ক | ৩১ মে, ২০২৬
প্রতীকী ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ৩৭৭ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
রোববার (৩১ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যু হয়েছে ৪৯৫ জনের। এর মধ্যে নিশ্চিতভাবে হামজনিত মৃত্যু হয়েছে ৯০ জনের।
এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩২৪ জন শিশু সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭০ হাজার ৯৩৬ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ৫৩ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মোট নিশ্চিত রোগীর সংখ্যা ৯ হাজার ৪৯ জন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬ হাজার ৮৮৬ জন। একই সময়ে ৫২ হাজার ৮৪১ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।