Sylhet Today 24 PRINT

পাঁচবারের এমপি বীর মুক্তিযোদ্ধা এ কে এম রহমতুল্লাহ মারা গেছেন

সিলেটটুডে ডেস্ক |  ০৩ জুন, ২০২৬

আওয়ামী লীগের প্রবীণ নেতা বীর মুক্তিযোদ্ধা এ কে এম রহমতুল্লাহ মারা গেছেন।

দীর্ঘদিন ধরে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন এ রাজনীতিবিদ বুধবার ভোর পৌনে ৪টার দিকে মারা যান; তার বয়স হয়েছিল ৭৬ বছর।

রহমতুল্লাহ আমৃত্যু আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। ঢাকা মহানগর আওয়ামী লীগের রাজনীতিতে তিনি ছিলেন প্রভাবশালী এক নাম।

বুধবার বিকাল ৪টায় রেরাইদ মাঠে জানাজার পর বেরাইদ কবরস্থানে রহমতুল্লাহকে দাফন করা হবে।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করা রহমতুল্লাহ জনপ্রতিনিধি হয়ে সংসদে গেছেন পাঁচবার।

১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে সম্মিলিত বিরোধী দলের হয়ে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তিনি তৎকালীন ঢাকা-৫ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে তিনি এমপি হন তৎকালীন ঢাকা-৫ আসন থেকে। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ঢাকা-১০ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন রহমতুল্লাহ। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এরপর ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-১১ আসন থেকে নির্বাচিত হন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.