Sylhet Today 24 PRINT

দৌলতদিয়া ফেরিঘাটে আবারও বাস পড়ল পদ্মায়

সিলেটটুডে ডেস্ক |  ০৫ জুন, ২০২৬

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে ফের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গেছে।

শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘাট-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের বাসটি ফেরিতে ওঠার প্রস্তুতির সময় ঘাটের পন্টুন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। তখন যাত্রী নামানোর কাজ চলছিল বলে ধারণা করা হচ্ছে। ফলে বাসটি পুরোপুরি যাত্রীবোঝাই অবস্থায় না থাকায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।

এসবি সুপার ডিলাক্স পরিবহনের দৌলতদিয়া ঘাটের তত্ত্বাবধায়ক বারেক শেখ বলেন, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা এসবি সুপার ডিলাক্স পরিবহনে ৩৭ জন যাত্রী ছিল। এ ছাড়া বাসের তত্ত্বাবধায়ক, সহকারী, চালকসহ মোট ৪০ জনের মতো ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে বাসটি দৌলতদিয়ার ৭ নম্বর ঘাটে ফেরিতে ওঠার জন্য ভেড়ে। এ সময় ঘাটের বাঁ পাশের একটি পকেটে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের বড় ফেরি ছিল। অপর পকেটে আরেকটি মাঝারি আকারের ফেরি ছিল। বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরিতে যানবাহন উঠছিল। বাসটি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরিতে ওঠার চেষ্টাকালে নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি ফেরির র‍্যামের সঙ্গে আঘাত করে। এ সময় র‍্যাম ভেঙে বাসটি সরাসরি পদ্মা নদীতে চলে যায়। বাসটির যাত্রীরা ঘাটে নেমে গিয়েছিলেন। শুধু চালক ও তাঁর সহকারী বাসে ছিলেন। পরে তাঁদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

ঘটনার পরপরই বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) এবং উদ্ধারকারী দল উদ্ধার তৎপরতা শুরু করে। জেলা প্রশাসনও বিষয়টি পর্যবেক্ষণে রেখেছে এবং প্রশাসন ঘটনাস্থলে যাচ্ছে বলে জানানো হয়েছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

এদিকে রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার খবর তিনি পেয়েছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণে ঘটনাস্থলে যাচ্ছেন।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালেদ জানান, সকাল সাড়ে ৯টার দিকে খবর পেয়ে তাঁদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। সঙ্গে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দলও ছিল। বাসটি ফেরিতে ওঠার আগেই প্রশাসনের কর্মকর্তারা যাত্রীদের নামিয়ে দেন। তবে বাসে চালকসহ তিনজন ছিলেন, তাঁদেরও উদ্ধার করা হয়েছে। সামান্য আহত হওয়ায় তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ২৫ মার্চ একই ফেরিঘাট এলাকায় ৩ নম্বর পন্টুন থেকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। ওই ঘটনায় ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। সেই ঘটনার পর ঘাট এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদারের কথা বলা হলেও আবারও একই ধরনের দুর্ঘটনা ঘটায় যাত্রী ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। আজকের এই দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং বাসটি উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.