Sylhet Today 24 PRINT

মরিশাসে খোলা শ্রমবাজার, তবু খুলতে শিগগিরই হবে সমঝোতা স্মারক সই

গত ৩০ দিনে গেছেন ৪৬৭ কর্মী

সিলেটটুডে ডেস্ক |  ০৯ জুন, ২০২৬

আফ্রিকার দ্বীপরাষ্ট্র মরিশাসের বন্ধ শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য খুলতে শিগগির দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক সই হবে বলে গতকাল সোমবার প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মরিশাসের শ্রমমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরীর বৈঠকের সূত্রে এই সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়।

তবে সরকারি সংস্থা জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুযায়ী, চলতি বছর মরিশাসে চাকরি নিয়ে গেছেন ১ হাজার ২৪৫ জন। গত ৩০ দিনে গেছেন ৪৬৭ জন। ২০২৫ সালে দেশটিতে গিয়েছিলেন ৩১ জন।

মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার সকালে সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনের ফাঁকে বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী মরিশাসের শ্রমমন্ত্রী মুহাম্মদ রেজা কাসাম উতিমের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে মরিশাসে বাংলাদেশি শ্রমিকদের বর্তমান অবস্থা, বন্ধ বাজার পুনরায় চালু এবং দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে করণীয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বিজ্ঞপ্তিটি জেনেভা থেকে মন্ত্রীর সফরসঙ্গীরা পাঠিয়েছেন। মন্ত্রণালয় তা শুধু সংবাদমাধ্যমে দিয়েছে। মন্ত্রণালয়ের কাছে মরিশাসের শ্রমবাজার বন্ধের তথ্য নেই। এক কর্মকর্তা জানান, গার্মেন্টে নিয়োগের জন্য সমঝোতা স্মারক সই হবে। একেই হয়তো শ্রমবাজার খুলতে যাচ্ছে বলে বোঝানো হয়েছে।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে মন্ত্রী আরিফুল হক মরিশাসে জনশক্তি পাঠানোর লক্ষ্যে দ্রুত সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য সিদ্ধান্ত নিতে দেশটির সরকারকে অনুরোধ করেন। বৈঠক শেষে তিনি মরিশাসের শ্রমমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। বাংলাদেশের প্রস্তাবকে মরিশাসের মন্ত্রী স্বাগত জানিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

মুহাম্মদ রেজা কাসাম উতিমের বরাতে এতে বলা হয়েছে, বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগে মরিশাস আগ্রহী। বিশেষ করে ওয়ান-স্টপ টেক্সটাইল শিল্পের জন্য প্রচুর দক্ষ কর্মী প্রয়োজন।

বৈঠক শেষে মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, টেক্সটাইল শিল্প ছাড়াও অন্যান্য পেশা যেমন- ডাক্তার, প্রকৌশলী, নার্স, একাউন্টেন্ট ইত্যাদি দক্ষ জনশক্তি প্রেরণে বাংলাদেশ সরকার আগ্রহী।

বৈঠকে বাংলাদেশের পক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এর সচিব মো. আব্দুর রহমান তরফদার; সুইজারল্যান্ড এ বাংলাদেশের রাষ্ট্রদূত ও বাংলাদেশের স্থায়ী মিশন এর প্রতিনিধি নাহিদা সোবহান; শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এর উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম; সিনিয়র সহকারী সচিব মো. মাহবুবুল ইসলাম; বাংলাদেশ মিশনের প্রথম সচিব মো. আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.