সিলেটটুডে ডেস্ক | ০৯ জুন, ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায় থেকে বাংলা, ইতিহাস ও দর্শন বাদ দেওয়া হচ্ছে বলে যে খবর ছড়িয়েছে, তা ভিত্তিহীন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, বাংলা, দর্শন, ইতিহাস বাদ পড়বে, এমন আলোচনা আমরা কোথাও শুনিনি এবং আমরাও কোথাও করিনি।
তিনি বলেন, বাংলা মাতৃভাষা, এটা কি বাদ দেওয়া যেতে পারে? এমন কোনো আলোচনা হয়নি এবং আমার জ্ঞাতসারে নেই। আমি জানি না এই নিউজ কোথা থেকে এলো।
সম্প্রতি এমন খবর ছড়িয়ে পড়ে, শিক্ষা মন্ত্রণালয়ের নতুন খসড়া মডেল অনুযায়ী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলা, ইতিহাস, দর্শনসহ কয়েকটি বিষয়ের অনার্স কোর্স বাতিল করা হতে পারে।
এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, সরকার কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিচ্ছে এবং শিক্ষাব্যবস্থাকে আধুনিক করার কাজ করছে। একই সঙ্গে বাজারের চাহিদা রয়েছে, এমন বিষয়গুলো নিয়ে নিয়মিত আলোচনা হচ্ছে।
তিনি বলেন, মার্কেট ড্রিভেন ডিমান্ড অনুযায়ী আমরা নিয়মিত কোর্স চালু করছি, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে এবং প্রত্যেকটি লেভেলে। কিন্তু বাংলাকে বাদ দিয়ে, ইতিহাসকে বাদ দিয়ে, এমন কথা কোথাও হয়নি।
তিনি আরও বলেন, বাজারের চাহিদা অনুযায়ী নতুন বিষয় যুক্ত করার বিষয়টির সঙ্গে বাংলা, ইতিহাস বা দর্শনের কোনো সম্পর্ক নেই।
‘কমানো হবে, ক্লোজ করা হবে, এ ধরনের কোনো পরিকল্পনাই হয়নি। আলোচনা হচ্ছে কীভাবে শিক্ষাব্যবস্থাকে আরও উন্নত করা যায়, কীভাবে বাজারের চাহিদা অনুযায়ী বিষয় রাখা যায় এবং কীভাবে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক গড়ে তোলা যায়,’ বলেন তিনি।
শিক্ষক সংকটের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, সরকার নিয়মিত শিক্ষক নিয়োগ দিয়ে ঘাটতি পূরণের চেষ্টা করছে।
এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ ফেসবুকে দেওয়া এক পোস্টে লেখেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো অনার্স কোর্স বন্ধের বিষয়ে সরকার কিংবা আমাদের কোনো সিদ্ধান্ত নেই।