Sylhet Today 24 PRINT

শপিং মল ও দোকানপাট খোলা থাকবে সকাল ১১ টা থেকে রাত ৯টা

সিলেটটুডে ডেস্ক |  ১১ জুন, ২০২৬

ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখার সময় বাড়াল সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখা যাবে।

বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। বৃহস্পতিবার বেলা দুইটার দিকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সমিতি জানায়, দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ মোবাইল ফোনে দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিনের সঙ্গে কথা বলেন। এ সময় মন্ত্রী বৃহস্পতিবার থেকে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখার বিষয়টি জানিয়েছেন।

এই সিদ্ধান্তের জন্য দোকান মালিক সমিতির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে ধন্যবাদ জানান।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায়। পাল্টা হামলা করে ইরান। তারপর যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যায়। তখন জ্বালানির মূল্যবৃদ্ধির পাশাপাশি সংকট প্রকট আকার ধারণ করে। তার প্রভাব বাংলাদেশেও পড়ে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানিসংকটের পরিপ্রেক্ষিতে গত ২ এপ্রিল রাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে সরকারি-বেসরকারি অফিসের সময়সীমা এক ঘণ্টা কমানো হয়।

একই সঙ্গে দোকানপাট ও শপিং মল (বিপণিবিতান) সন্ধ্যা ছয়টার সময় বন্ধ করার সিদ্ধান্ত হয়, পরদিন থেকেই যা কার্যকর হয়। যদিও পরে দোকান ব্যবসায়ী সমিতির অনুরোধে সেই সময়সীমা এক ঘণ্টা বাড়ানো হয়।

পবিত্র ঈদুল আজহার আগে দোকানপাট ও বিপণিবিতান খোলার সময়সীমা শিথিল করে সরকার। ঈদের পর আবার সন্ধ্যা ৭টায় দোকানপাট ও বিপণিবিতান বন্ধে কড়াকড়ি আরোপ করা হয়। তবে ব্যবসায়ীরা দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখার দাবি করেন। এরপর আজ সরকার জানাল, বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখা যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.